
বলিউডের হালের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। ক্যারিয়ারের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন তিনি। তবে বলিউডে সুযোগ পেতে বেশ মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হয়েছে তাকে। সম্প্রতি এমনই দাবি করেছেন অভিনেতা এবং স্বঘোষিত ছবি সমালোচক কমল আর খান।
‘বান্টি অউর বাবলি ২’ ছবির সমালোচনা করতে গিয়ে আচমকাই রণবীরের প্রসঙ্গ তোলেন কমল। জোর গলায় দাবি করেন, আদিত্য চোপড়া রণবীরকে বলিউডে নিয়ে আসেননি। কারণ রণবীরকে এই সুযোগ দেওয়ার বিনিময়ে তার বাবার কাছ থেকে ২০ কোটি রুপি নিয়েছিলেন তিনি।
২০১০ সালে যশরাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রণবীর। হাসিখুশি, প্রাণোচ্ছ্বল বিট্টু শর্মার চরিত্র করে পেয়েছিলেন ভূয়সী প্রশংসাও। কিন্তু কেআরকে-র মতে, নিজের প্রতিভার জন্য নয়, অঢেল অর্থের জোরেই বলিউডে নিজের জায়গা তৈরি করেছিলেন পর্দার ‘খিলজি’।
তবে এই প্রথম নয়, অতীতেও বলিউডের নানা তারকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কমল। এমনকি সালমান খানের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়েছিলেন। মাস কয়েক আগে সালমানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবি নিয়ে একটি ভিডিও করেছিলেন কমল। কিন্তু ছবির প্রসঙ্গ ছাড়াও কোভিড পরিস্থিতিতে সালমানের ভূমিকা নিয়ে তোপ দাগতে ছাড়েননি তিনি।
পরবর্তীতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ভাইজান। এরপর টুইট করে কমল ঘোষণা দেন আর কখনো সালমানের সিনেমা নিয়ে ভিডিও করবেন না তিনি।
এনএস




