
বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান ছেলে গ্রেপ্তার হওয়ার পর থেকে খুবই মানসিক ঝামেলায় ছিলেন। বলতে গেলে খুব খারাপ সময় পার করেছেন তিনি। ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরে নিজের সিনেমার সব কাজ বন্ধ রেখেছিলেন তিনি। আরিয়ান এখন জামিনে মুক্ত। তার মামলা-সংক্রান্ত অনেক জটিলতাই কেটে গেছে। তাই ফের শুটিং শুরু করতে চলেছেন শাহরুখ।
আগামী ১৫ ডিসেম্বর থেকে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার কাজ শুরু করবেন বলিউড কিং। এবার সিনেমাটির শুটিং হবে স্পেনে। তার জন্য শাহরুখ, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম স্পেন পাড়ি দেবেন শিগগিরই। শাহরুখের জন্যই ‘পাঠান’-এর শুটিং শিডিউল নতুন করে তৈরি করতে হয়েছে। সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া থেকে দীপিকা, জন প্রত্যেকেই শাহরুখের জন্য নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেছেন।
মাসখানেক ধরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রেখেছিলেন শাহরুখ। ‘পাঠান’-এর কাজ শুরু করার আগে ফের শারীরচর্চা শুরু করেছেন অভিনেতা। এর পর রয়েছে অ্যাটলি পরিচালিত অ্যাকশন মুভির শুটিংও। তাই শাহরুখ এখন পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন নতুন করে কাজে ফেরার।
উল্লেখ্য, গত ২ অক্টোবর একটি মাদকপার্টি করার সময় আটক করা হয়েছিল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর তাকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দুই দফায় তার জামিন আবেদন নাকচ করে দিয়েছিলেন আদালত। এরপর গত ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে ছিলেন আরিয়ান। ৩০ অক্টোবর বেশ কিছু শর্তে জেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কেইউ/টিআই




