
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা ২০১৯ সালে বিয়ে করেছিলেন হিশাম চিশতী নামের কানাডা প্রবাসী একজন ব্যবসায়ীকে। বিয়ের এক বছরের মধ্যে দুজনের সম্পর্কে ফাটল ধরে। স্বামী-স্ত্রী একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আনেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
জানা গেছে, হিশাম চিশতী গত ৭ সেপ্টেম্বর তমা মির্জাকে উকিলের মাধ্যমে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন। সেই নোটিশ হাতে পেয়েছেন নায়িকা।
এ প্রসঙ্গে তমা মির্জা গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়টা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কথা বলতে চাইনি। সত্যি কথা বলতে আমরা দুজন অনেক চেষ্টা করেছি একসঙ্গে থাকার। কিন্তু পেরে উঠিনি। তাই পারিবারিক জায়গা থেকে দুজনে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার।’
তিনি আরও বলেন, ‘আমরা অফিসিয়ালি বিষয়টি জানাতে আরও সময় নিতে চেয়েছিলাম। যেহেতু সবাই জেনেছে তাই এ নিয়ে আর জল ঘোলা না হোক। তবে বিচ্ছেদ হলেও আমরা নিজেদের মধ্যকার সম্পর্কটাকে সম্মানের জায়গা রাখব।’
অন্যদিকে হিশাম চিশতী গণমাধ্যমকে বলেন, ‘বিয়ের পর থেকে বেশ কিছু ঝামেলা তৈরি হয়েছে। সেসব মামলা পর্যন্ত গড়িয়েছে। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার পরিবার আছে, পারিবারিক সম্মান আছে। সবকিছু বিবেচনা করে চলতি বছরের মে মাসের ৩ তারিখ সাক্ষীদের সামনে রেখে আপসনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা উঠিয়ে নিই। এরপর ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ৭ সেপ্টেম্বর তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি। আইন অনুযায়ী তিন মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে গেছে।’
তিনি আরও বলেন, ‘তার (তমা মির্জা) জন্য আমার শুভকামনা রইল। আমি শান্তিতে আছি, থাকতে চাই।’
প্রসঙ্গত, ২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় তমা মির্জার। ‘নদীজন’ সিনেমায় পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন। চলতি বছর রায়হান রাফি পরিচালিত ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে আলোচিত হয়েছেন তমা মির্জা।
এনএস/টিআই




