
ঢাকাই সিনেমার সুপারস্টার মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি)। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢালিউডের এই তারকা।
মৃত্যুবার্ষিকীতে মান্নাকে স্মরণ করেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। ফেসবুক পোস্টে এফ আই মানিক পরিচালিত ‘বাপ বেটার লড়াই’ সিনেমার ‘কখনও কি চেয়েছিলে’ গানটি শেয়ার করেছেন তিনি। সামিনা চৌধুরী ও আসিফের গাওয়া এই গানটিতে পর্দায় অভিনয় করেছিলেন মান্না ও পূর্ণিমা।
স্ট্যাটাসে আসিফ লিখেছেন, 'বাংলা সিনেমার সুপারস্টার মান্না ভাই। আমার সৌভাগ্য জীবনের প্রথম সিনেমায় গাওয়া গানটি মান্না ভাইয়ের লিপে গিয়েছে। ভাইয়ের সঙ্গে অনেক আবেগ ইতিহাস মিশে আছে। এক দিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব নিবেদিতপ্রাণ এই জননায়কের সান্নিধ্য পাওয়ার গল্প।'
তিনি আরও লেখেন, 'মান্না ভাই পর্দার হিরোর চেয়েও মানবতার গল্পের জাঁদরেল সেনাপতি ছিলেন। তিনি আজ নেই, প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জানাই। একজন মান্না, একটা সীমাহীন গল্পের আসল নায়ক। আল্লাহ আপনার সমস্ত গোনাহ মাফ করে দিন, এই দোয়া করি মান্না ভাই।'
বাংলা গানের যুবরাজ যোগ করেন, 'অভিভাবক না থাকলে যা হয়, সেটা আমরা বর্তমান এফডিসি কেন্দ্রিক ফিল্মি কুচকাওয়াজে দেখেই যাচ্ছি। আপনি শুধু নায়ক নন মান্না ভাই, আপনি পরিশ্রমী নবাগতদের আদর্শ। মানুষের ভালবাসাই আপনাকে বাঁচিয়ে রাখবে বাংলা সিনেমার ইতিহাসে। আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ভালোবাসা অবিরাম।'




