
দেখতে দেখতে কেটে গেল চার বছর। ২০১৮ সালের এদিন (২৪ ফেব্রুয়ারি) ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। আজ এই সুপারস্টারের চতুর্থ মৃত্যুবার্ষিকী।

শ্রীদেবীর মৃত্যু দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। মাকে হারিয়ে প্রয়াত অভিনেত্রীর দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।
মায়ের কোলে বসা নিজের ছোটবেলার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বড় মেয়ে জাহ্নবী। বলিউডের নতুন প্রজন্মের এই অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে যত বছর বেঁচেছি তোমাকে ছাড়ার চেয়ে সঙ্গে বেশি বেঁচেছি। কিন্তু তোমাকে ছাড়া জীবনে আরও অনেকগুলি বছর যুক্ত হতে চলেছে। আশা করি, আমরা তোমাকে আরও গর্বিত করতে পারব মাম্মা। কারণ এটাই একমাত্র জিনিস যা আমাদের এগিয়ে নিয়ে চলে। ভালোবাসব তোমায় আজীবন।’

অন্যদিকে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও মায়ের সঙ্গে তোলা ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন।ক্যাপশনে তিনি কিছু লেখেননি, তবে সাদা ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।
প্রসঙ্গত, শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াংগার আয়াপ্পাঁ। চলচ্চিত্রে এসে তিনি শ্রীদেবী নামে পরিচিতি পান। তামিল ছবি ‘তুনাইভান’ তার প্রথম চলচ্চিত্র। ছবিটিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। নায়িকা হিসেবে বলিউডে শ্রীদেবীর প্রথম ছবি ‘ষোলা সাওয়ান’। ছবিটি মুক্তি পায় ১৯৭৯ সালে।

শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর
শ্রীদেবীর জন্ম ১৯৬৩ সালের ১৩ আগস্ট ভারতের তামিলনাড়ুতে। তার মায়ের নাম রাজেশ্বরী ইয়াংগার ও বাবার নাম আয়াপ্পাঁ ইয়াংগার। ১৯৯৬ সালে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। তাদের সংসারে দুই সন্তান জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।
২০১৮ সালে দুবাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শ্রীদেবী। হোটেল রুমের বাথটাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও তার মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।




