
ছয় বছর আগে পরিচয়। তারপর বন্ধুত্ব। এরপর মন দেওয়া-নেওয়া। দীর্ঘসময় বোঝাপড়া শেষে বিয়ের সিদ্ধান্ত। বলছি, ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা বিদ্যা সিনহা মিম ও তার স্বামী সনি পোদ্দারের কথা।
ব্যক্তিগত জীবনে ছয় বছর লুকিয়ে প্রেম করার পর গত বছরের ১০ নভেম্বর বাগদান করেন মিম ও সনি। সে সময়ই প্রথম তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। দু’মাস যেতে না যেতেই নতুন বছরের শুরুতে বিয়ের পর্ব সারেন তারা।
তবে করোনা পরিস্থিতির কারণে খুব বেশি বড় আয়োজন করে অনুষ্ঠান করতে পারেননি। এমনকি আটকে ছিল তাদের মধুচন্দ্রিমা। যদিও পরবর্তীতে মালদ্বীপে হানিমুন সেরেছেন এই দম্পতি।
বিয়ের পর থেকেই বিভিন্ন সময় রোমান্টিক পোজের ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন মিম-সনি। এবার ফের একবার অন্তর্জালে রোমান্স ছড়াচ্ছেন এই দম্পতি।
গত শনিবার (১ অক্টোবর) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মিম। সেখানে স্বামী সনির সঙ্গে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন নায়িকা। মূলত সেটি একটি ফটোশুটের অংশ। ফটোশুটের সময় ভিডিওটি ধারণ করা হয়েছে। মিমের সেই পোস্টের নিচে নেটিজেনরাও ভালোবাসা জানিয়েছেন।




