
আজকের দিনেই (১৭ ডিসেম্বর) পৃথিবীতে যাত্রা শুরু করেছেন ঢালিউডের অন্যতম সফল অভিনেত্রী শাবনূর। নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমান। বর্তমানে ছেলেসহ সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন নায়িকা।
এবারের জন্মদিন অস্ট্রেলিয়াতেই পরিবারের সঙ্গে উদযাপন করছেন শাবনূর। তবুও অনুরাগী ও সহকর্মীদের ভালোবাসায় ভাসছেন তিনি। আর তাই প্রবাস থেকেই বিশেষ দিনের আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন নায়িকা।
ফেসবুকে এক ভিডিওবার্তায় অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাবনূর। ভিডিওর শুরুতেই তিনি গেয়ে শোনান জনপ্রিয় গান ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা।’ এরপর সবার উদ্দেশে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন নায়িকা।
শাবনূর বলেন, ‘আল্লাহর রহমত, তোমরা আমাকে এতটা ভালোবাসো। জন্মদিনে বেশ মজা করছি। আমার সঙ্গে আছে ছেলে আইজান, ভাই তমাল ও আমার মা। সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি। আমার জন্মদিন উপলক্ষে সবাই মিলে খাওয়াদাওয়া করবো।’ এরপর একে একে তারা সবাই শাবনূরকে জন্মদিনের শুভেচ্ছা জানান।




