
চলতি বছরের সেরা করদাতার তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সেরা করদাতার তালিকায় স্থান পেয়েছে শোবিজ অঙ্গনের অনেকেই।
বুধবার (২১ ডিসেম্বর) ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা একটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
চলতি বছর অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী এবং পীযূষ বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, গায়ক-গায়িকা ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে তালিকায় নাম উঠেছে কুমার বিশ্বজিৎ ও তাহসান খানের।
প্রসঙ্গত, চলতি বছর দেশের সেরা করদাতাদের ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড। সেই সঙ্গে ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকারের সুবিধাও পাবেন তারা।




