
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। গতকাল শুটিং সেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত্যুর পাঁচ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এই অভিনেত্রী।
তুনিশা শুটিং সেটে মেকআপের সময় করা ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে। সেই সঙ্গে একটি ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে।
পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, যারা প্যাশনকে ভালোবাসে, তারা কখনই যেন নিজেদের সেই ইচ্ছাকে থামিয়ে না দেয়।
তুনিশার মরদেহ উদ্ধারের পরে ইনস্টাগ্রামের ওই স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। তাহলে অভিনেত্রীর সেই স্ট্যাটাসেই কী তার মৃত্যুর কোনো রহস্য লুকিয়ে রয়েছে? বিষয়টি জানতে ব্যাপক আগ্রহ তৈরি হয় তার ভক্ত-অনুরাগীদের মনে।
এদিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক-সহশিল্পী শেজান খানের বিরুদ্ধে মামলা করেছেন তুনিশার মা। ওই মামলায় রোববার (২৫ ডিসেম্বর) সকালে শেজান খানকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
এই প্রসঙ্গে অভিনেত্রীর মা বলেন, কয়েক দিন আগেই শেহজাদের সঙ্গে তুনিশার প্রেমের সম্পর্কে ফাটল ধরে। এ কারণে তুনিশা এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, শনিবার (২৪ ডিসেম্বর) সহশিল্পী শেজান খানের মেকআপ রুমে আত্মহত্যা করেন তুনিশা। শুটিংয়ের সময় মেকআপ রুমের দরজা ভেঙে ফাঁস লাগানো অবস্থায় তুনিশাকে উদ্ধার করে সহকর্মীরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




