
ভারতের ছোট পর্দার জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মা। শনিবার (২৪ ডিসেম্বর) শুটিং সেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সহকর্মীরা। কিন্তু মেয়ের আত্মহত্যা কোনোভাবেই মানতে পারছেন না অভিনেত্রীর মা বনিতা শর্মা। তার দাবি, প্রাক্তন প্রেমিক ও সহ-অভিনেতা শেজান খানই তুনিশার মৃত্যুর জন্য দায়ী। তবে সম্প্রতি তাকে সমর্থন করে মুখ খুলেছেন প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের বাবা শঙ্কর বন্দ্যোপাধ্যায়।
২০১৬ সালের ২৪ এপ্রিল মুম্বইয়ের ফ্ল্যাটে ঝুলন্ত মরদেহ মিলেছিল প্রয়াত অভিনেত্রী প্রত্যুষার। তাই নিজের কন্যার সঙ্গে তুনিশার হত্যার মিল খুঁজে পেলেন শঙ্কর। তিনি বলেন, খবরটা পাওয়ার পর খুব খারাপ লেগেছে। নিজের সন্তানকে একইভাবে হারানোর পুরনো ক্ষতগুলো যেন আবার জ্বলে উঠেছে আমার। সন্তানহারা বাবা হয়ে তুনিশার মায়ের বর্তমান পরিস্থিতিটা আমি বুঝতে পারছি, এখন ঠিক কেমন লাগছে ওনার।
তিনি আরও বলেন, ২০১৬ সালে ঠিক একই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি আমি ও আমার পরিবার। তাই তুনিশার মায়ের ক্ষতটা বুঝতে পারছি। তবে আমি যতটা বুঝছি, তুনিশাকে খুন করা হয়েছে। গেল কয়েক বছরে সমস্ত খুনকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুই তার জলন্ত উদারাহণ।
প্রত্যুষার বাবা বলেন, এটা অবশ্যই খুন। কারণ, স্বেচ্ছায় কেউ নিজের জীবন শেষ করলে সুইসাইড নোট রেখে যান। যেন তার কাছের মানুষদেরকে কোনো ব্যাপারে ভুগতে না হয়। তাই এটা ১০০ শতাংশ খুন সেটা বোঝাই যাচ্ছে।
উল্লেখ্য, জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা বধূ’র ‘আনন্দী’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন প্রত্যুষা। তবে হঠাৎ প্রেমিক রাহুলের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরেই আত্মহত্যা করেন এই অভিনেত্রী। এতো বছর পরেও সেই মৃত্যুর কিনারা আজও হয়নি। একইভাবে মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন তুনিশা।




