
বর্তমানে ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। ছবির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
গানটির দৃশ্যে গেরুয়া বা কমলা রঙের মনোকিনিতে নিজেকে মেলে ধরেছেন দীপিকা। আর অভিনেত্রীর পোশাকের এই গেরুয়া ও সবুজ রঙকে ঘিরেই তৈরি হয়েছে নানান জটিলতা। এমনকি ছবিটি বয়কট করারও দাবি জানিয়েছেন অনেকে।
দিন কয়েক আগেই বলিউড বাদশাহকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য। এবার শাহরুখের প্রতীকী পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন তিনি। সম্প্রতি অভিনেতার পরলৌকিক ক্রিয়া অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ওই ভিডিওতে দেখা যায়, একটি মাটির পাত্রে পানি ভরে তার গায়ে লাগানো রয়েছে শাহরুখ একটি ছবি। ওপর থেকে পাত্রটি মাটিতে ফেলে দেন তিনি। পরে পাত্রের ভাঙা অংশগুলো পা দিয়ে আরও ভেঙে দেন সাধু। ‘তেরাভি’ নামে প্রতীকী এই পরলৌকিক ক্রিয়া অনুষ্ঠানের সময় তার সঙ্গে আরও অনেক সাধু উপস্থিত ছিলেন। সেইসঙ্গে সাধু পরমহংস গণমাধ্যমে বলেন—এই পরলৌকিক ক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে জিহাদের শেষ করলাম।
তিনি বলেন, তারা আমাদের গেরুয়া রঙয়ের ব্যাপক অসম্মান করেছে। তাই এই ছবিকে বয়কট করা উচিত। অভিনেতা তার নবীর বিরুদ্ধে কোনো ওয়েব ফিল্ম বানায়নি। সে আমাদের সনাতন ধর্মকে খুবই অপমান করেছে। সেই সঙ্গে ধর্মকে অপমান করে অর্থ উপার্জনের উপায় বের করেছে তারা। সনাতন ধর্মকে কোনো ধরনের অবমাননা করা হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি শাহরুখকে সামনে পেলে জীবন্ত পুড়িয়ে মারব।
প্রসঙ্গত, এমনকি এই পোশাক পরায় ঘোর আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। ‘পাঠান’ ছবিটি নির্মাণ করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
খবর : টাইমস অব ইন্ডিয়া




