
দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’। ব্যান্ডটির ৫০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে হাজার হাজার দর্শক-শ্রোতাদের গানে গানে মাতালো তারা।
‘এ এমন পরিচয়’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করে ‘সোলস’। এরপর একে একে ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’, ‘কেন এই নিঃসঙ্গতা’, ‘ব্যস্ততা দেয় না অবসর’সহ জনপ্রিয় গানগুলো গেয়ে রীতিমতো মাতিয়ে রাখে দর্শকদের।
মূলত এই অনুষ্ঠানের মধ্য দিয়েই সোলসের ৫০ বছর পূর্তির আয়োজন শুরু হয়েছে। আর এ উপলক্ষে লন্ডনবাসীদের সিলেটি ভাষার ‘কিতা ভাইসাব’ গানটি উপহার দেয় ব্যান্ডটি।
এ সময় হাজারো কণ্ঠে গানটি স্টেডিয়াম জুড়ে অন্যরকম এক উন্মাদনা সৃষ্টি করে। বছর পূর্তির এই আয়োজনে প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ূব বাচ্চুকে ট্রিবিউট করে ‘একদিন ঘুম ভাঙা শহরে’ গানটি পরিবেশন করেন ‘সোলস’র সদস্যরা।
জানা গেছে, এ দিন প্রায় বিশ হাজার দর্শক উপভোগ করেন অনুষ্ঠানটি। সেই সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন লন্ডনে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম।
এ প্রসঙ্গে 'সোলস' ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, প্রথমবারের মতো ‘সোলস’ লন্ডনে শো করেছে। হাজার হাজার প্রবাসী বাঙালিরা আমাদের গান উপভোগ করেছেন।
তিনি আরও বলেন, লন্ডনের সব বাঙালি শ্রোতা-দর্শকদের সঙ্গে সুন্দর সময় কাটিয়েছি আমরা। বিশেষ করে সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে লন্ডন বাসীদের ‘কিতা ভাইসাব’ গানটি উপহার দিতে পেরে ভীষণ ভালো লাগছে।
প্রসঙ্গত, লন্ডনের এই সফরে আছেন পার্থ বড়ুয়া, নাসিম আলী খান, আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কিবোর্ড), মারুফ হাসান রিয়েল (বেজ গিটার) ও শামীম আহমেদ (সাউন্ড ইঞ্জিনিয়ার)।




