
দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ মোবাইলে ভিডিও করে অনলাইনে প্রকাশ করার অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে। আরটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন ছবিটির পরিচালক দীপংকর দীপন।
তিনি বলেন, একটি সিনেমা হল থেকে মোবাইলে ভিডিও করে ছবিটি অনলাইনে প্রকাশ করার চেষ্টা করছিল সেই তরুণ। সে এখন পুলিশের নিয়ন্ত্রণে, কান্নাকাটি করছে। খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটের ১৬ জনের একটা টিম সবসময় মনিটর করছে।
ঢাকা অ্যাটাক নির্মাতা আরো বলেন, পুলিশ বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে ছেলেটির নাম এবং সিনেমা হলের নাম যেন আপাতত প্রকাশ না করি।
দীপংকর দীপন পরিচালিত সিনেমাটির মূল ভাবনা ও কাহিনি লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম ইউনিট) সানী সানোয়ার।
যৌথভাবে প্রযোজনা করেছে-স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রি-হুইলারস লিমিটেড। বাংলাদেশ ছাড়াও কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরো কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পাবে।
এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, নওশাবা, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, মোহাম্মদ আলী হায়দার, নিকোল মন্ডল।
বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, আলমগীর ও শিপন মিত্র।
পিআর/এসজে




