
সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার-থ্রি’র ট্রেলার। আর মুক্তির পর থেকেই তোলপাড় নেটদুনিয়া। এই সিনেমায় টাইগারের প্রতিপক্ষ হিসাবে দেখা যাবে ইমরান হাশমিকে। প্রথমবারের মতো এক সঙ্গে পর্দায় দেখা যাবে এই দুই তারকাকে। এ দিকে ট্রেলার প্রকাশের পর থেকে রীতিমতো সালমানকে ছাপিয়ে গেলেন ইমরান।
‘টাইগার-থ্রি’র ট্রেলারে শুধু সালমান নন, দর্শকদের নজর কেড়েছেন ইমরানও। পুরো ট্রেলার জুড়ে শুধু ইমরানের ভয়েসওভার শোনা গেলেও একদম শেষে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা গেছে এই অভিনেতাকে।
তবে ওই অল্প সময়েই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন ইমরান। এমনকি ট্রেলার মুক্তির পর সালমানের চেয়ে ইমরানের প্রশংসাই বেশি করছেন নেটিজেনরা।
নেটিজেনদের উচ্ছ্বাস দেখে বোঝাই যাচ্ছে, টাইগারের শত্রু হিসাবে যেমন ইমরানকে বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের, ঠিক তেমনই কাঁচাপাকা চুল-দাড়িতে ইমরানের লুকও নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।
এর আগে চলতি বছর ২৪ ফেব্রুয়ারি অক্ষয় কুমারের সঙ্গে ‘সেলফি’ সিনেমায় দেখা গিয়েছিল ইমরানকে। তারপর বেশ অনেকটা সময় পার করে আবারও বড় পর্দায় ফিরছেন এ অভিনেতা।
প্রসঙ্গত, ‘টাইগার-থ্রি’ সিনেমার মাধ্যমেই স্পাইভার্সে অভিষেক হতে যাচ্ছে ইমরান হাশমির। চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে সালমান খান অভিনীত এবং যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমা ‘টাইগার থ্রি’। এতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে।




