
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শিরোনামে ভিডিও কনটেন্ট প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
দেশের ৬৪ জেলার সর্বস্তরের সাধারণ মানুষ তথা প্রান্তিক পর্যায়ের জনসাধারণকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক এইদিন’।
আয়োজক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারও গল্পগাথা নিয়ে ছিল এই আয়োজন- যা বদলে দিয়েছে কোটি মানুষের জীবনযাত্রার মান। মূলত বদলে যাওয়া সামগ্রিক বাংলাদেশের চিত্র তুলে ধরতে আমাদের এই আয়োজন।
আয়োজনটি সম্পর্কে দৈনিক এইদিনের সম্পাদক তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে রাস্তাঘাট, হাসপাতাল, মসজিদসহ আইটি শিক্ষাব্যবস্থা অনেক কিছুই উন্নয়ন হয়েছে। যেগুলো আসলে আমাদের জানা নেই। তাই জানার জন্য আসলে এই আয়োজনটি আমরা করি।
দৈনিক এইদিনের অফিসিয়াল ফেসবুক পেইজে ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক এই ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা। চলে ২০ নভেম্বর ২০২৩ পর্যন্ত।




