
বাংলাদেশেও বহু ভক্ত রয়েছে বলিউডের বাদশাহ শাহরুখ খানের। মাঝে মধ্যেই প্রিয় তারকার জন্য নানান কিছু করতে দেখা যায় ভক্তদের। এবার ফের শাহরুখের প্রচারণায় পোস্টার বানিয়ে আলোচনায় মাহাদি রহমান।
বর্তমানে নির্মাতা রাজকুমার হিরানির সিনেমা ‘ডানকি’র প্রচারণা নিয়ে দীর্ঘদিন ধরে ব্যাপক সরব শাহরুখ। নিয়মিতই নেটমাধ্যমে বিভিন্ন পোস্টও করছেন তিনি। তবে এর মাঝেই সবার মনোযোগ কেড়ে নেয় একটি পোস্টার।
শুধু তাই নয়, এই কিশোরের বানানো পোস্টারটি অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ারও করেছেন শাহরুখ। গত ২০ ডিসেম্বর ওই পোস্টার শেয়ার করেন বলিউডের এই বাদশাহ। তবে এটি ‘ডানকি’ সিনেমার অফিসিয়াল কোনো পোস্টার না।

এর আগেও মাহাদির বানানো ‘পাঠান’ সিনেমার একটি পোস্টার নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছিলেন বলিউড নির্মাতা করণ জোহর। পাশাপাশি মাহাদির তৈরি আরেকটি পোস্টার বাঁধাই করে উপহার হিসেবে শাহরুখের হাতে তুলে দেয় ভারতের শাহরুখ খান ফ্যান ক্লাব।
এছাড়া, ভারতের রাস্তাঘাটে, বাসে, চিপসের প্যাকেটেও দেখা যায় মাহাদির বানানো পোস্টার। ইতোমধ্যে ভারত ও বাংলাদেশের সামনের সারির গণমাধ্যমগুলোতেও পোস্টার ছাপানো হয়েছে এই কিশোরের।
জানা গেছে, ঢাকাতেই জন্ম ও বেড়ে ওঠা ১৮ বছর বয়সী মাহাদির। রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি। মূলত সিনেমার প্লট থেকে অনুপ্রেরণা নিয়েই নিজের আইডিয়া ও সৃজনশীলতা দিয়ে পোস্টার বানান তিনি।

২০২০ সাল থেকে সিনেমার পোস্টার বানানো শুরু করেন মাহাদি। ডিজাইন নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক কাজ করতেন, ব্যানার বানাতেন। এমনকি বেশ কয়েকটি ইউটিউব ভিডিওর থাম্বনেইলও বানিয়েছেন এই তরুণ। পরে ২০২১ সাল থেকে প্রিয় তারকা শাহরুখ খানকে নিয়ে পোস্টার বানাতে শুরু করেন মাহাদি।
ইতোমধ্যে বেশ কিছু বিজ্ঞাপন ও সিনেমায় কাজ করেছেন মাহাদি। ‘শান’ সিনেমার পোস্টার বানানোসহ ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়ও প্রোমো ডিজাইন করেছেন তিনি।
ডিজাইনের পাশাপাশি এখন সিনেমাটোগ্রাফির দিকে বেশি মনোযোগ দিচ্ছেন মাহাদি। ইতোমধ্যে সিনেমাটোগ্রাফার হিসেবে বাংলালিংক, এয়ারটেল, ভিভো, পাঠাওয়ের মতো কোম্পানিগুলোর সঙ্গে কাজ করেছেন মাহাদি। পাশাপাশি ইয়ামাহার বিজ্ঞাপনে সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি।

এছাড়া অবসর সময়ে গল্প লেখেন মাহাদি। ছবি তুলতেও ভীষণ পছন্দ করেন এই তরুণ। ২০২৪ সালে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের একটি আর্টফিল্ম জমা দেওয়ার ইচ্ছা আছে মাহাদির। বর্তমানে সেটা নিয়ে কাজ করছেন। ভবিষ্যতে সিনেমার সাথেই যুক্ত থাকতে চান।
কাজের অভিজ্ঞতা জানিয়ে মাহাদি বলেন, বয়সে ছোট বলে সবাই অনেক আদর করে, ভালোবাসে। তবে শাহরুখ খান না থাকলে এই কাজ হয়তো আমি শুরুই করতাম না।
তিনি আরও বলেন, নুহাশ হুমায়ুনের কাজ আমার বেশ ভালো লাগে। সিনেমাটোগ্রাফার বা স্টোরিটেলার হিসেবে রনি শারাফাত, আফফান আজিজ প্রিতুল, সম্রাট নিরো ও তাহা ইসমাইলের কাজ ভালো লাগে। তাদের কাজ থেকে আমি অনুপ্রেরণা পাই।




