
সুদর্শন চিত্রনায়ক নিরব যিনি মডেলিংয়ের মাধ্যমে দেশব্যাপি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। সেই নিরব অভিনীত ‘গেম রিটার্নস’ ছবিটি সারাদেশের অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুক্রবার।
শনিবার দর্শকদের সঙ্গে ছবি দেখতে রাজধানীর ঐতিহ্যবাহী অভিসার সিনেমা হলে সন্ধ্যার শো দেখতে হাজির হয়েছিলেন নিরব। এ সময় ছবির কলাকুশলীসহ তার আমন্ত্রণে হাজির হয়েছিলেন গণমাধ্যম কর্মীরা।
ছবির নায়ক বলে কথা বিরতির সময় বাইরে আসতেই নিরবকে ঘিরে ধরেন দর্শকরা। এসব ক্ষেত্রে সচারচর নায়ক-নায়িকাকে দর্শকদের এগিয়ে যেতে দেখা গেলেও নিরব সবাইকে অবাক করে দিলেন! উপস্থিত সবার সঙ্গেই সেলফি ও গ্রুপ ছবি তোলার আবদার মেটালেন তিনি। একটুও বিরক্তি নেই তার।
বিরতি শেষে আবারো ছবি দেখার পালা। রাত নয়টায় ছবিটি শেষ হলে বাড়ি ফেরার জন্য সবার কাছে থেকে বিদায় নিলেন নায়ক। কিন্তু বিপত্তিটা বাঁধলো নিরবের গাড়িতে ওঠার সময়। এরইমধ্যে নাইট শো দেখতে আসা দর্শকরা জেনে গেছেন ছবির নায়ক এই হলেই অবস্থান করছেন। গাড়ির সামনে যেতেই চারপাশ থেকে নায়ককে ঘিরে ধরলেন দর্শকরা। সেখানে অনেকের সঙ্গেই হাত মেলাতে দেখা গেলো নিরবকে তারা সবাই সাধারণ দর্শক। বিদায় নিতে চাইলেও দর্শকরা তাকে ছাড়তে নারাজ। সবার দাবি একটাই নায়কের সঙ্গে সিনেমা উপভোগ করতে চান তারা।

অবশেষে দর্শকদের দাবির প্রতি সন্মান দেখিয়ে ফের সিনেমা দেখার জন্য তাদের সঙ্গে হলে ঢুকলেন তিনি।
নিরব বললেন, আমার ‘গেম রিটার্নস’ ছবি মুক্তির পর থেকে দর্শকদের কাছে থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। তাদের ভালোবাসার জন্যই আজ আমি নিরব। এই ছবিটি সবাই মিলে মজা করে দেখার মতো। অ্যাকশন ও বিনোদনের মিশেলে ছবিটি দেখে দর্শকরা নিরাশ হবেন না আশা করি। সবার প্রতি আমার একটাই চাওয়া ছবিটি হলে গিয়ে দেখবেন।
রয়েল খান পরিচালিত ছবিতে নিরবের সঙ্গে জুটি হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা ও নবাগত লাবণ্য। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর।
এম/ওয়াই




