
তরুণ নায়ক জয় চৌধুরী বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। অপেক্ষায় ছিলেন এমন একটি চরিত্রের যার মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিতে পারেন তিনি।
অবশেষে পরিচালক মালেক আফসারী সেই সুযোগ করে দেন জয়কে। এই নির্মাতার ‘অন্তর জ্বালা’ ছবিতে কাস্ট করেন উদীয়মান এ নায়ককে। আর এই সুযোগটি লুফে নিয়েছেন জয়। সম্প্রতি ‘অন্তর জ্বালা’ মুক্তির পর থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। জায়েদ খান, পরীমণি, জয় চৌধুরী ও মৌমিতা মৌ অভিনীত ছবিটি এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
এই ছবি মুক্তির পর চলচ্চিত্র পাড়ায় সবচেয়ে বেশি যে নামটি নিয়ে আলোচনা হচ্ছে তিনি জয়। যেন জ্বলে উঠার অপেক্ষাতেই ছিলেন জয়। তার অভিনয় দেখে এমনটাই বলছেন নির্মাতারা। যেসব নির্মাতা এতদিন এই নায়ককে নিজেদের ছবিতে সুযোগ দিতে চাননি। তারাও জয়কে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছেন।
জয় বলেন, অনেক স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে কাজ করতে এসেছি। আমাকে মালেক আফসারী স্যার ও জায়েদ ভাই (জায়েদ খান) যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। আমরা নতুনরা অনেকেই সুযোগের অভাবে নিজেদের প্রমাণ করতে পারিনি। আমার মনে হয় নির্মাতারা নতুনদের ওপর আস্থা রাখতে পারেন।
তিনি আরো বলেন, দর্শকরা আমার অভিনয় পছন্দ করছেন এটাই সবচেয়ে বড় পাওয়া। তাদের কাছে যে ভালোবাসা পেয়েছি ভবিষ্যতেও তা পাবো বলে আশা করছি।
এম/পিআর




