
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকার আফতাবনগরে এ ঘটনা ঘটেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
জানা গেছে, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সোমবার ঘটনাটি নিশ্চিত করেছেন আলমের স্ত্রী রিয়া মনি।
এদিকে হিরো আলমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হিরো আলমের স্ত্রী রিয়া মনি বলেন, ডাক্তাররা আমাদের জানিয়েছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক। যেকোনো সময় আরও খারাপ কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন যেন হিরো আলম দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
তিনি আরও বলেন, হিরো আলমকে যেভাবে মারা হয়েছে, তাকে মেরেই ফেলা হতো। সেসময় কিছু লোক উপস্থিত হওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাকে যেভাবে পেটানো হয়েছে, আরেকটু হলেই মারা যেত।
এদিকে, বিষয়টি নিয়ে জানতে চাইলে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এখনও সঠিক স্পট সম্পর্কে তথ্য পাইনি।
আরটিভি/এএ/এস




