
মানুষ যখন গিরগিটির মতো রঙ বদলায়, তখন সত্য-মিথ্যার সীমারেখা ধোঁয়াশায় ঢেকে যায়। ঠিক এমনই এক অন্ধকার জগতের গল্প নিয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ওয়েব সিরিজ ‘গিরগিটি’।
পরিচালক লস্কর নিয়াজ নির্মিত এই থ্রিলার সিরিজটি শুরু হয় এক নির্জন মহাসড়কে ঘটে যাওয়া একটি নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে, যা মুহূর্তেই শহরজুড়ে ছড়িয়ে দেয় আতঙ্কের ছায়া। তদন্তে নামেন ডিটেকটিভ মারুফ চৌধুরী- চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
তদন্ত যত গভীরে যায়, উদ্ঘাটিত হতে থাকে এক ভয়ংকর কর্পোরেট মাদক চক্রের জাল। তবে শুধু বাইরের শত্রুই নয়, মারুফকে লড়তে হয় ভেতরের বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার নির্মম খেলায়, যেখানে কখন কার মুখোশ খুলে পড়বে, তা বলা মুশকিল। ধীরে ধীরে সে নিজেই আটকে পড়ে এক জটিল ফাঁদে।
এই মনস্তাত্ত্বিক অপরাধ-থ্রিলারে কে শিকার আর কে শিকারি- এই প্রশ্নই দর্শকদের নিয়ে যাবে রহস্যের গভীরে।
পরিচালক লস্কর নিয়াজ বলেন, আমরা কোনো অতিমানবীয় চরিত্র তৈরি করিনি। এই গল্প আমাদের চারপাশের বাস্তব চরিত্র নিয়েই। চাইনি অলৌকিক কিছু দেখাতে, বরং মানুষের ভেতরের দ্বন্দ্ব ও দুর্বলতাকে তুলে ধরতে চেয়েছি। দর্শকরা নিশ্চয়ই এই মানবিক দৃষ্টিভঙ্গিকে উপলব্ধি করবেন।
সিরিজটিতে ইরফান সাজ্জাদ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্যসহ আরও অনেক গুণী অভিনয়শিল্পী।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের লক্ষ্য সবসময়ই মানসম্মত ও ভিন্নধর্মী কনটেন্ট দর্শকদের সামনে উপস্থাপন করা। ‘গিরগিটি’ সেই প্রচেষ্টারই ফল, যেখানে গল্প বলার ধরণ, নির্মাণের মুন্সিয়ানা ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
অপরাধ, রহস্য আর বিশ্বাসঘাতকতার এক টানটান উত্তেজনার জগতে প্রবেশের প্রস্তুতি নিন। ‘গিরগিটি’ স্ট্রিমিং শুরু হচ্ছে আগামী ১৬ই অক্টোবর।
আরটিভি/কেআই




