
প্রকৃতির অপ্রত্যাশিত এক দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। গাছের ডালে চুপচাপ বসে থাকা একটি গিরগিটিকে কামড়াতে গিয়ে উল্টো বিপদে পড়ল একটি সাপ। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ওঠা এই দুই সরীসৃপের সংঘর্ষের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাছের ডাল বেয়ে ধীরে ধীরে গিরগিটির দিকে এগিয়ে যায় সাপটি। সুযোগ বুঝে গিরগিটির গায়ে কামড় বসাতেই ঘটে বিপত্তি। পাল্টা প্রতিরোধে সাপের গলায় দাঁত বসিয়ে দেয় গিরগিটিটি। সাপটি যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং গাছের ডালে ঝুলে পড়ে।
ভিডিওতে আরও দেখা যায়, প্রচণ্ড ব্যথায় সাপটি মুখ হাঁ করে কাতরাতে থাকে এবং ঘাড় ঘুরিয়ে গিরগিটির একটি পায়ে কামড় বসায়। এরপর দু’টি সরীসৃপই পরস্পরের শরীরে দাঁত বসিয়ে গাছের ডাল আঁকড়ে ঝুলে থাকতে থাকে। একপর্যায়ে সাপটি গিরগিটিকে ছেড়ে দিলেও গিরগিটি ছাড়তে রাজি হয়নি, শক্ত করে দাঁত চেপে ধরে রাখে সাপের গলা।
— Damn Nature You Scary (@AmazingSights) December 14, 2025
ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘ড্যাম নেচার ইউ স্কেয়ারি’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে। তবে ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে আগ্রহী এই ভয়ংকর লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হয়েছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, নিজেদের প্রাণ বাঁচাতে দুই সরীসৃপই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে। কে শেষ পর্যন্ত শিকারে পরিণত হবে, তা বোঝা কঠিন।
আরটিভি/এসকে




