
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন একসময় রাজনীতির আলোচিত মুখ ছিলেন। ১৯৮৪ সালে কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং বিপুল ভোটে জয়ী হন। যদিও সেই জয় তখন বলিউডে ও রাজনীতিতে বড় গুরুত্ব পেয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি বুঝতে পারেন, রাজনীতি তার জন্য খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং একটি বিষয়।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অমিতাভ নিজের রাজনৈতিক জীবন নিয়ে বলেছেন, আমি রাজনীতিতে যোগ দিয়েছিলাম আবেগপ্রবণ হয়ে। আমার জন্মস্থান এলাহাবাদের মানুষ আমাকে ভালোবাসতেন। তাই ভোটে জেতার আনন্দ ছিল তীব্র।
কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তিনি অনুভব করেন, রাজনীতি কেবল আবেগের খেলা নয়। তিনি বলেন, কয়েকদিন পর থেকেই বুঝতে পারি, রাজনীতি বেশ কঠিন বিষয়। এদিক দেখতে হবে, ওদিক দেখতে হবে, কথা শুনতে হবে, উত্তর দিতে হবে, অনেক কিছু একসাথে করতে হয়। এটা খুব কঠিন!
রাজনীতি থেকে অল্প সময় থাকলেও অমিতাভকে ভারতের প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনযাপন সরাসরি দেখতে পাওয়ার সুযোগ হয়। তিনি বলেন, ওই দুটি বছর আমার জন্য খুব মূল্যবান ছিল। নির্বাচনে নতুন মুখ দেখলে মানুষ অনেক সম্মান দেখাত। এটি অভিজ্ঞতা হিসেবে অমূল্য।
রাজনীতি ছেড়ে দেওয়ার এক প্রধান কারণ ছিল তার অক্ষমতা অনুযায়ী নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পারা। অমিতাভ বলেন, আমি এলাহাবাদের মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তা রাখতে পারিনি। এটি আমাকে খুব কষ্ট দিয়েছে। যদি জীবনে কোনো আক্ষেপ থেকে থাকে, তবে সেটিই।
অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ ১৯৮৭ সালে অমিতাভকে ঘিরে ওঠার পর, যদিও পরে অভিযোগ থেকে মুক্তি পান, সেই সময়ে তিনি রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
আরটিভি/কেআই




