মার্ভেল প্রেমীদের জন্য দারুণ খবর! ইনসমনিয়াক গেমসের স্পাইডার-ম্যান সিরিজের জনপ্রিয় ভয়েস অভিনেতা ইউরি লোয়েনথাল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভবিষ্যতে স্পাইডার-ম্যান ও উলভারিন- এর দেখা হতে পারে ইনসমনিয়াকের মার্ভেল গেমিং ইউনিভার্সে।
দ্য ডাইরেক্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরি বলেন, আমার জানা মতে, এখনও পর্যন্ত স্পাইডার-ম্যান আর উলভারিনের দেখা হয়নি। তবে তিনি যোগ করেন, তাদের একসঙ্গে দেখা গেলে দারুণ লাগবে, আমি অবশ্যই সেটা দেখতে চাই।
ইউরির স্ত্রী ও ভয়েস অভিনেত্রী তারা প্ল্যাট, যিনি গেমে ইউরি ওয়াতানাবে চরিত্রে কণ্ঠ দিয়েছেন। রসিকতা করে তিনি বলেন, কিন্তু তুমি তো স্পাইডার-ম্যান আর ডেডপুলের জুটি দেখতে বেশি আগ্রহী!
এতে ইউরি হাসতে হাসতে জানান, তার ছোট্ট হৃদয়ে আরও অনেক ইচ্ছা আছে- যেমন স্পাইডার-ম্যান ও মুন নাইটের টিম-আপ দেখা।
ইনসমনিয়াকের নতুন গেম উলভারিন ঘোষিত হয়েছে ২০২১ সালে এবং সেটি মুক্তি পাবে ২০২৬ সালে। এই গেমেও একই ইউনিভার্স ধরে রাখা হচ্ছে, যেখানে আগে থেকেই স্পাইডার-ম্যান বিদ্যমান।
তবে ইউরি স্পষ্ট করেছেন যে তিনি উলভারিন গেমের নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন।
২০২৩ সালে ইনসমনিয়াক একটি বড় সাইবার আক্রমণের শিকার হয়, যেখানে কর্মীদের সংবেদনশীল তথ্য, প্রাথমিক গেমপ্লে ফুটেজ এবং গল্পের অংশ ফাঁস হয়ে যায়। তবুও স্টুডিও জানিয়েছে, এই ঘটনার কারণে উলভারিন গেমের মুক্তি সূচি পরিবর্তন হবে না।
লোগানের ভূমিকায় এবার কণ্ঠ দেবেন অভিনেতা লিয়াম ম্যাকইনটাইর।
আরটিভি/কেআই




