দক্ষিণের জনপ্রিয় অভিনয়শিল্পী বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্দানার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চলছে আলোচনা। তবে ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির সাফল্য অনুষ্ঠানে ঘটে গেল এমন এক মুহূর্ত, যা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিল এই জুটিকে। খবর এনডিটিভির।
অনুষ্ঠানের ঝলমলে মঞ্চে রাশমিকা বক্তব্য দেওয়ার সময় হঠাৎই দেখা যায়, বিজয় স্নেহভরে তার হাত ধরে আলতো করে চুম্বন করছেন। মুহূর্তটি ছিল ক্ষণিকের, কিন্তু উপস্থিত দর্শক ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে সেই আবেগময় দৃশ্য এখন ব্যাপক আলোচনার বিষয়।
রাশমিকা বক্তৃতার শেষ দিকে আবেগঘন কণ্ঠে বলেন, শেষ কথা, কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়- বিজয়। ভিজু, তুমি এই ছবির শুরু থেকে সঙ্গে ছিলে, আর এখন সাফল্যের অংশও তুমি। সবার জীবনে যেন একজন বিজয় দেবরকোন্ডা থাকে- সেটা সত্যিই এক আশীর্বাদ।
তার কথার পর বিজয়ের চোখে ফুটে ওঠে মমত্ব, আর হাসিতে মেতে ওঠেন দর্শকরাও।
২০১৮ সালের ‘গীতা গোবিন্দম’ থেকে শুরু হওয়া তাদের বন্ধুত্ব পরবর্তী সময়ে ‘ডিয়ার কমরেড’-এর সময় আরও গভীর হয়। যদিও দু’জনই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি, তবু একসঙ্গে ভ্রমণ, পরস্পরের পাশে দাঁড়ানো ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানান ইঙ্গিত তাদের সম্পর্ককে ঘিরে জল্পনা আরও বাড়িয়েছে।
এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের ৩ অক্টোবর হায়দরাবাদে পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিজয়ের আঙুলে আংটি পরিহিত ছবি এবং রাশমিকার ইনস্টাগ্রামে দেখা যাওয়া ঝলমলে আংটির ছবিও সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। এমনকি আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ে হতে পারে বলেও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে দুজনের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।
অন্যদিকে রাশমিকার নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ ইতোমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। রাহুল রবীন্দ্র পরিচালিত এ রোমান্টিক ড্রামায় তার সঙ্গে অভিনয় করেছেন দীক্ষিত শেঠি ও আনু ইমানুয়েল।
আরটিভি/কেআই




