
যুক্তরাজ্যের এক ট্রাভেল ভ্লগারের শেয়ার করা নিউইয়র্ক ভ্রমণের ভিডিও ঘিরে দক্ষিণি সংগীত জগতের তারকা অনিরুধ রাভিচন্দর এবং ব্যবসায়ী কাভ্যা মারানের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর নিউজ ১৮’র।
ভিডিওটিতে দেখা যায়, অনিরুধ এবং কাভ্যা নিউইয়র্কের পথে হেঁটে বেড়াচ্ছেন, সঙ্গে ছিলেন তাদের আরেক ঘনিষ্ঠ বন্ধু। শহরের রাস্তায় পথচারীদের চোখে পড়ে তাদের উপস্থিতি, আর খুব দ্রুতই সেই মুহূর্তগুলোর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে অনলাইনে। যদিও ভিডিওটি পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়েছে, তবে নেটিজেনদের মধ্যে আলোচনা থামেনি।
![]()
এ বছরই এ দুই তারকার প্রেম ও সম্ভাব্য বিয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে। পিংকভিলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, একটি রেডিট পোস্টে দাবি করা হয়েছিল- অনিরুধ ও কাভ্যা নাকি এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন এবং তাদের নাকি একাধিকবার একসঙ্গে দেখা গেছে।
তবে সেই গুঞ্জনে পূর্ণ বিরতি টেনে অনিরুধ নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ম্যারেজ আ? লল... চিল আউট গাইস। প্লিজ স্টপ স্প্রেডিং রিউমরস।
উল্লেখ্য, কাভ্যা মারান হলেন কর্ণাটিকা মিডিয়া কর্পোরেট জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব কালানিধি মারানের কন্যা। তিনি সান গ্রুপের যৌথ মালিক ও সানরাইজার্স হায়দরাবাদ (আইপিএল), সানরাইজার্স ইস্টার্ন কেপ (এসএ২০) এবং সানরাইজার্স লিডস (দ্য হান্ড্রেড) দলের অধিনায়কত্ব ও পরিচালনার দায়িত্বে রয়েছেন।
বর্তমানে ৩৪ বছর বয়সী এই উদ্যোক্তা সান টিভি নেটওয়ার্ক লিমিটেড-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরটিভি/কেআই




