
অস্কারজয়ী সুরকার এ আর রহমান সম্প্রতি একটি নারী ব্যান্ডের ঘোষণা দিয়েছেন। ব্যান্ডটির নাম ‘রূহ-ই-নূর’, যার বাংলা অর্থ ‘আত্মার আলো’। এই ব্যান্ডের নেতৃত্বে থাকছেন এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
খাতিজার নিজস্ব সংগীত প্রতিষ্ঠান ‘কে এম মিউজিক’ এর ব্যানারে গঠিত এই ব্যান্ডের প্রকল্পপ্রধান কানিকা উরস। খাতিজা রহমান ছাড়াও ব্যান্ডে রয়েছেন আরও পাঁচ গায়িকা- পূজা তিওয়ারি, সানা আজিজ, শাওনি, আমিনা রফিক ও শিফা রুবি।
আগামী ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে তানভির উৎসবে প্রথমবারের মতো মঞ্চে উঠবেন এই ব্যান্ডের নারীরা।
এই নতুন উদ্যোগ সম্পর্কে এ আর রহমান বলেন, ‘রূহ-ই-নূর’ শুধু একটি ব্যান্ড নয়, এটি এমন এক আলো যা হৃদয়ের সঙ্গে হৃদয়কে যুক্ত করবে। প্রতিটি নারী সদস্য আধুনি সংগীতশিল্পীর আত্মবিশ্বাস বহন করেন। তাদের সম্মিলিত কণ্ঠ একাধারে নির্মল, শক্তিশালী, শিকড়সঞ্জাত এবং ভবিষ্যতমুখী।
খাতিজা রহমান দীর্ঘদিন ধরে একজন পরিচিত গায়িকা, সুরকার ও সংগীত প্রযোজক এবং এবার এই নারী ব্যান্ডের মাধ্যমে তিনি সংগীতের নতুন আঙ্গিক প্রদর্শন করতে চলেছেন।
আরটিভি/কেআই




