থাইল্যান্ডে চলমান মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ডে মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। গত ১৯ নভেম্বর ২৮ বছর বয়সী এ সুন্দরী ক্যাটওয়াকে হাঁটার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেলে তাকে দ্রুত থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পার হলেও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিরাপত্তার স্বার্থে গ্যাব্রিয়েলকে আরও অন্তত সাত দিন আইসিইউতে রাখতে হবে।
ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনায় গ্যাব্রিয়েলের পরিবার থেকে তার বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস ও মা মোরিন হেনরি হাসপাতালে উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন জানায়, গ্যাব্রিয়েলের অবস্থা এখনো স্থিতিশীল নয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের কঠোর পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে। সংগঠনের পূর্ববর্তী বিবৃতিতে বলা হয়েছিল, তার আঘাত প্রাণঘাতী নয়; তবে সম্পূর্ণ সুস্থতার জন্য প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
সংগঠনটি জ্যামাইকা ও বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের গ্যাব্রিয়েলের দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও শুভকামনা জানাতে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি গুজব, ভুল তথ্য বা নেতিবাচক মন্তব্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
গ্যাব্রিয়েলের বোন ফিলিসিয়া বলেন, গ্যাবির শারীরিক অগ্রগতি আমাদের প্রত্যাশার মতো নয়। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
আরটিভি/কেআই




