‘গড অব ওয়ার’ লাইভ-অ্যাকশন সিরিজকে ঘিরে ভক্তদের উন্মাদনা দিনে দিনে আকাশছোঁয়া হচ্ছে। অ্যামাজন প্রাইম ভিডিওর এই উচ্চাভিলাষী অ্যাডাপটেশন সম্প্রতি বিশাল এক অগ্রগতি পেয়েছে। এমি–জয়ী পরিচালক ফ্রেডেরিক ই.ও. টোয়ে (শোগান, দ্য বয়েজ) এখন সিরিজের প্রথম দুই পর্ব পরিচালনার দায়িত্বে। খবর কমিকবুক মুভির।
গত বছর সৃজনশীল পুনর্গঠনের পর আড়ম্বরপূর্ণ এই প্রকল্পটি হাতে নিয়েছেন রোনাল্ড ডি. মুর। তিনি এখন শো-রানার, প্রধান লেখক এবং নির্বাহী প্রযোজক। প্রথম থেকেই ‘গড অব ওয়ার’ সিরিজকে দুই মৌসুমের অর্ডার দিয়েছে প্রাইম ভিডিও, যেখানে ২০১৮ সালের গেম ও সিক্যুয়েল ‘গড অব ওয়ার: র্যাগনারক’ এর কাহিনি মিলিয়ে ক্রেটস ও তার ছেলে অ্যাট্রিয়াস–এর যাত্রা ফুটিয়ে তোলা হবে।
নতুন গুঞ্জনে নেটদুনিয়া তোলপাড়। জনপ্রিয় স্কূপার ড্যানিয়েল রিচ্টম্যান জানিয়েছেন, ম্যাক্স পার্কার আলোচনা চালাচ্ছেন ‘বাল্ডুর’ এর চরিত্রে অভিনয়ের জন্য আর ওলাফুর দার্রি ওলাফসন বিবেচনায় আছেন ‘থর’ এর ভূমিকায়।
গেমে ‘বাল্ডুর’ ছিলেন প্রথম দিকের অন্যতম প্রধান প্রতিপক্ষ-মায়ের অভিশাপে যিনি কোনো অনুভূতিই অনুভব করতে পারেন না। অন্যদিকে ‘থর’কে বিশালভাবে প্রতিষ্ঠা করা হয় ২০২২ সালের র্যাগনারক গেমে, যেখানে ওডিনের শক্তিশালী কিন্তু দ্বন্দ্বে ভরা এনফোর্সার হিসেবে তাকে দেখা যায়।
ক্রেটস চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো নিশ্চিত নয়। ভক্তদের বড় অংশ এখনো ডেভ বাউতিস্তাকেই আদর্শ পছন্দ হিসেবে সামনে আনছেন।
গণমাধ্যম ডেডলাইন এর তথ্য অনুযায়ী, সিরিজে দেখা যাবে ক্রেটস ও অ্যাট্রিয়াস এর সেই স্মরণীয় যাত্রা-মা ‘ফ্রেয়া’ এর চিতাভস্ম ছড়িয়ে দেওয়ার অভিযানে বেরিয়ে পড়া বাবা–ছেলের সম্পর্ক ও বিকাশ।
শো-রানার রোনাল্ড ডি. মুর বলেন, গেমের আবেগ, মহাকাব্যিক যাত্রা ও ক্রেটস এর অতীতের রহস্য- সবই সিরিজে তুলে আনা হবে।
তিনি আরও জানান, অ্যাট্রিয়াস এর আত্ম-অন্বেষণের গল্প ও বাবার সঙ্গে তার সম্পর্কের বিবর্তনকেই সিরিজের প্রধান ভিত্তি করা হবে।
আরটিভি/কেআই




