
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাটকের দল অবলোকন নাট্যদল। নাটকের নাম ‘গন্ধসূত্র’। নাটকটি লিখেছেন অপু শহীদ, নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম ইমন। ১৮ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে গন্ধসূত্র নাটকের উদ্বোধনী প্রদর্শনী। একই স্থান ও সময়ে আগামীকাল মঞ্চস্থ হবে এই নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
নাটকটি রচনা করেছেন অপু শহীদ এবং নির্দেশনা তৌফিকুল ইসলাম ইমন।
নির্দেশক অপু শহীদ জানান, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই নাটক। সমকালের বাংলাদেশের অভিজ্ঞতায় জারিত এক দগদগে নাটক গন্ধসূত্র। তিনি বলেন, ‘সারা বিশ্বই এখন গ্লোবাল ভিলেজ। বিশ্বের অর্থনীতি এখন সমাজ-রাজনীতি, উন্নয়ন-বিশ্বায়ন, যুদ্ধ-হিংস্রতায় এমন এক টালমাটাল অবস্থার সৃষ্টি করেছে, যেখানে ব্যক্তি মানুষের সুস্থ থাকাটা বেশ কৌতূহলপ্রদ। আধিপত্যবাদী চরিত্র পর্যবেক্ষণ করা যাচ্ছিল কিন্তু কিছুতেই একটা কাঠামোতে দাঁড় করানো যাচ্ছিল না। এই অস্থিরতার মধ্যে মনে পড়ে গেল আর্জেন্টাইন-আমেরিকান নাট্যকার অ্যারিয়েল ডর্ফম্যানের কথা। এই বিশ্বায়নের যুগে মূল ইংরেজি নাটক, পোলনস্কির ফিল্ম এমনকি হিন্দি সিনেমাও পেয়ে গেলাম। পেয়ে গেলাম ডর্ফম্যানের আরও অনেক লেখার সন্ধান। নাটকের মূল ভরকেন্দ্র রাখলাম পোলনস্কির “ডেথ অ্যান্ড দ্য মেইডেন” সিনেমার ওপর।
অবলোকনের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্ণ হলো। অপু শহীদ বলেন, নানা কারণে আমরা একসঙ্গে কাজ করতে পারিনি। বিভিন্ন দলে আমরা কাজ করেছি। আবার এই অস্থির সময়ে আমরা একত্রিত হয়ে কাজ করছি। এটা একটা প্লাটফর্ম। সকলেই এই প্লাটফর্মে যুক্ত হতে পারে।
অপু শহীদ বলেন, আমাদের করণীয় হলো পৃথিবীটা মানুষের বাসযোগ্য করতে হবে। এখানে সকলের সঙ্গে শিল্পীর দায় আছে। আর আমাদের সমাজ ব্যবস্থায় শিল্পীর দায় খানিকটা বেশি। শুধু মঞ্চে দাঁড়িয়ে শোষণের বিরুদ্ধে নাটক করলাম আর মঞ্চ থেকে বেরিয়ে শোষকের হাতিয়ার হয়ে গেলাম তাহলে হবে না। যার খেসারত বর্তমান সময়ে শিল্পীদের দিতে হচ্ছে।
গন্ধসূত্র নাটকে অভিনয় করেছেন নাসরিন অনু, ডায়না ম্যারেলিন, সারওয়ার জাহান উপল এবং তৌফিকুল ইসলাম ইমন। সেট পরিকল্পনায় আবু বকর সিদ্দিকী, আলোক পরিকল্পনা মোখলেছুর রহমান, সংগীত পরিকল্পনা চার্লস নিলয় চৌধুরী, পোশাক পরিকল্পনা আইরিন পারভীন লোপা এবং পোস্টার ডিজাইন রোকেয়া সুলতানা।
আরটিভি/এএ




