ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

২০১৮ সালের ঢালিউড

আশার আলো দেখাচ্ছে এপ্রিল

এ এইচ মুরাদ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৮, ০৪:০৩ পিএম

চলতি বছরে মুক্তি পাওয়া বেশিরভাগ ছবি ব্যবসায়িক সফলতা পায়নি। ২০১৮ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া ‘আমি নেতা হবো’ ছবিটি ছাড়া অন্য কোনো ছবি তেমন একটা দর্শক টানতে পারেনি। ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মন্দার বাতাসে যেন কিছুটা আশার আলো দেখাচ্ছে এপ্রিল মাস।

উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। শাকিবের জনপ্রিয়তায় ছবিটি দেখতে হলমুখী হন দর্শক। ঢাকার বেশ কয়েকটি হল ঘুরে এমন তথ্যই পাওয়া গেছে।

তবে ছবির নির্মাণ নিয়ে পরিচালককে অনেক দর্শকই কাটগড়ায় তুলেছেন। পরিচালকের কাছে আরও উন্নত নির্মাণ আশা করেছিলেন দর্শকরা। অথচ ‘আমি নেতা হবো’ ছাড়া বাকি ছবিগুলো শুধু হতাশাই বাড়িয়েছে।

২৩ মার্চ মুক্তি পায় দুটি ছবি। সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’। ‘দেশা দ্য লিডার’ খ্যাত পরিচালকের এই ছবিটি দর্শকমহলে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে ছবির নির্মাণ ও গান প্রশংসিত হয়েছে। ছবিতে অভিনয় করেন মিম, বিপাশা, মিশা সওদাগর ও কলকাতার ওম।

একই দিনে মাত্র ৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মাটির প্রজার দেশে’ ছবিটি। বিজন ইমতিয়াজ পরিচালিত ছবিটি দেশে মুক্তির আগেই বিদেশের মাটিতে বেশ কিছু পুরস্কার অর্জন করে। সমালোচকরাও ছবিটির বেশ প্রশংসা করেছেন।

গিয়াস উদ্দিন সেলিম ২০০৯ সালে প্রথম ছবি ‘মনপুরা’ দিয়ে তুমুল আলোচনায় আসেন। দেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সফল ছবি ছিল এটি। এর ৯ বছর পর ‘স্বপ্নজাল’ নিয়ে ৬ এপ্রিল হাজির হন সেলিম। আর এই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও ইয়াশ রোহান। ছবিটি মুক্তি পায় ২০টি সিনেমা হলে। দর্শক ও সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে ছবিটি। এখনও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। এছাড়া দেশের বাইরেও বেশ কয়েকটি সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হবে।

একই দিনে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি মুক্তি পায়। হঠাৎ করেই ছবিটি মুক্তির ঘোষণা দেন ছবিটির নির্মাতা। আর ঘোষণা দিয়েই ৮০টির বেশি প্রেক্ষাগৃহ পায় ছবিটি। আর প্রথম সপ্তাহেই ছবিটি ব্যবসা সফল ছবির তকমা তুলে নেয়। এই ছবিতে বাপ্পির সঙ্গে ছিলেন নায়িকা মাহি। দ্বিতীয় সপ্তাহেও ৪৩টি প্রেক্ষাগৃহে চলছে এই ছবিটি।

এবার বৈশাখকে উপলক্ষ্য করে ১৩ এপ্রিল মুক্তি পেয়েছে ‘বিজলী’ ও ‘একটি সিনেমার গল্প’ নামে দুটি চলচ্চিত্র। ‘বিজলী’ পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। চিত্রনায়িকা ববির চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে বিগ বাজেটের ছবিটি।

সুপারহিরোইন কাহিনির এই ছবিতে ববির নায়ক হিসেবে আছেন ভারতের রণবীর। আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, শতাব্দী রায়। অতিথি চরিত্রে আছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন। বড় ক্যানভাসের ছবিটি এরই মধ্যে দর্শক মহলে বেশ সাড়া জাগিয়েছে। বিশেষ করে ছবির নির্মাণ শৈলী দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। ছবিটি ৭৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

অন্যদিকে নায়ক-অভিনেতা-প্রযোজক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে চলছে। এই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ ও ভারতের ঋতুপর্ণা সেনগুপ্ত। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলমগীর ও চম্পা। বিজলীর চেয়ে সেল রিপোর্টের দিক থেকে কিছুটা পিছিয়ে আছে ছবিটি। তবে নায়ক আলমগীর পরিচালিত ছবি হওয়াতে হল মালিকদের অনেকেই ‘একটি সিনেমার গল্প’ নিয়ে এখনও আশবাদী।

আশার কথা হলো এপ্রিল মাস থেকে হলমুখী হতে শুরু করেছেন দর্শক। চলতি মাসে একই সঙ্গে বিভিন্ন ঘরানার ৪টি ছবি মুক্তি পাওয়াতে সব শ্রেণী-পেশার দর্শক তাদের পছন্দমতো ছবি দেখতে হলে ভিড় করছেন। বিষয়টিকে চলচ্চিত্রের মন্দার বাজারে হঠাৎ সুবাতাস বলছেন এই অঙ্গনের সঙ্গে জড়িত মানুষজন।

এম/পিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দীপিকার ভালো বন্ধু কে?
মেয়েটি দীপিকা পাড়ুকোনের মতই প্রতিভাবান। ভারতের প্রথম দশ জন নারী গল্ফারের মধ্যে তার নাম আছে। বলা যায় দীপিকার ভালো ভক্ত এবং একই সঙ্গে বন্ধু। নাম আনিশা পাড়ুকোন। দীপিকা পাডুকোনের ছোট বোন। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার সঙ্গে ছবি দেখে ভক্তদের মাঝে কৌতূহল জাগে, আলোচনা হয়। মাঝে মাঝে সংবাদের শিরোনামও হন তিনি। তবে সব সময় দীপিকার বোন হিসেবে নয়। নিজের গুণের জন্যই তিনি শিরোনামে আসেন। এই তরুণী একজন পেশাদার গল্ফার। তিনি রাজ্য স্তরে বাস্কেটবল ও জাতীয় স্তরে ক্রিকেটও খেলেন। মাত্র দশ বছর বয়স থেকে খেলাধূলাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন আনিশা। এছাড়া একটি সংস্থার অধীনে দিদি দীপিকার সঙ্গে মানসিক অবসাদগ্রস্ততায় ভোগা রোগীদের নিয়ে কাজ করেন তিনি। তিনি মনে করেন, সবটাই সম্ভব হয়েছে বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জ্বলা পাড়ুকোন ও দিদি দীপিকা পাডুকোনের জন্য।   জিএ/পি
দীপিকার ভালো বন্ধু কে?
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
কানাডার হাসপাতালে কাদের খান সুস্থ আছেন৷ অভিনেতার ছেলে সরফরাজ খান বাবার মৃত্যুর গুজব থামিয়েছেন৷ সংবাদ সংস্থা পিটিআই-কে রোববার রাতে সরফরাজ খান বলেন, ‘সব মিথ্যা৷ গুজব৷ আমার বাবা হাসপাতালে আছেন। এখন সাড়া দিচ্ছেন এবং আগের চেয়ে অনেক ভালো আছেন৷ তাকে স্পেশাল ভেন্টিলেশন থেকে রেগুলার ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে৷ রোববার বর্ষীয়ান অভিনেতা কাদের খানের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেহেতু তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন সুতরাং ভক্তরা ভুয়া তথ্যকে সহজে বিশ্বাস করেছিলেন। অনেকেই শোক প্রকাশ করে পোস্ট করেন। তবে গণমাধ্যমকে দেওয়া বার্তায় সরফরাজ খান সব ধোঁয়াশা পরিষ্কার করেন।  কাদের খানের অসুস্থতার পর থেকে তাকে নিয়ে শুভাকাঙ্ক্ষীরা চিন্তিত ছিলেন। গত শুক্রবার টুইট করে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন লেখেন, ‘কাদের খান...এক অনবদ্য প্রতিভা…হাসপাতালে চিকিৎসাধীন তিনি…তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি৷’ বেশ কয়েকবছর আগে অভিনয় জগত থেকে ছুটি নিয়েছেন কাদের খান৷ বার্ধক্যের সময়টা ছেলে সরফরাজ ও ছেলের বউ সহিস্তার সঙ্গে কানাডায় পার করছিলেন তিনি৷ এর আগেও ২০১৭ সালে একবার অসুস্থ হয়ে পড়েন কাদের খান। সে সময় থেকে অন্যের সাহায্য-সহযোগিতা নিয়ে চলাফেরা করতেন তিনি। এরই মধ্যে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কাদের খান ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ৪৫০টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন। ২৫০টিরও অধিক ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন তিনি। অভিনেতা, কমেডিয়ান ও সংলাপ রচয়িতা হিসেবে অর্জন করেছেন উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার।   জিএ/পি
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
ইংরেজি নতুন বছরের আগমন উদযাপন করতে আরটিভির বিশেষ আয়োজন ‘ক্লাব এশিয়া মনের মানুষ’ অনুষ্ঠানে গান গাইবেন পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায়। একই অনুষ্ঠানে গান গাইবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। আজ ৩১ ডিসেম্বর, সোমবার রাত ১১টা ২৫ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি। গানে-গানে নতুন বছরের প্রথম প্রহর মাতিয়ে তোলার জন্য পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায় এবং তার ব্যান্ড 'দ্যা অনুপম রায় ব্যান্ড' ঢাকায় আসছেন। অনুষ্ঠানটিতে অনুপম রায়ের সঙ্গে মঞ্চে থাকবেন এপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। থার্টি ফার্স্ট রাতে অনুপম রায়ের সঙ্গে অনুষ্ঠান এবং মঞ্চ ভাগাভাগির বিষয়ে তাহসান জানান, আমি ১০টির মতো গানে অংশ নেবো। যেহেতু সরাসরি অনুষ্ঠান, জনপ্রিয় গানের পাশাপাশি অনুরোধের গানও থাকতে পারে। অনুপম রায়ও একই সংখ্যক গান করবেন বলেও জানান তিনি। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হওয়ায় দর্শকদের মতামত ও অনুরোধের সুযোগও থাকবে বলে জানান তাহসান। অন্যদিকে আরটিভির পক্ষ থেকে জানানো হয়, পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কিছু চমক দিয়ে। অনুপম রায় এন্ড ব্যান্ড ও তাহসান খান দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয়। প্রত্যাশা করা যাচ্ছে অনুষ্ঠানটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পাবে।   আরএস/জিএ/এসআর  
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
পদ্মাবতের পর রণবীরকে বিয়ের কথা ভাবি: দীপিকা পাড়ুকোন
ইতালির লেক কোমোতে নভেম্বরে রনবীর সিংয়ের সঙ্গে মাত্র ৪৫ জন শুভাকাঙ্ক্ষী নিয়ে গিঁট বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন। এক সঙ্গে পথ চলার এই সিদ্ধান্ত কবে নিয়েছিলেন, ইন্ডিয়ার একটি ম্যাগাজিনকে এমন প্রশ্নের জবাবে বলেন, পদ্মাবত মুক্তি পাওয়ার পর পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় বিয়ের কাজ সম্পন্ন করেন। চুপিসারে বিয়ের কাজ শেষ হয়।  নব দম্পতি বিয়ের ছবি সহজলভ্যভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে চাননি। এজন্য অনেক বিষয় ভক্তদের অজানা থেকে যায়। তবে চলচ্চিত্র শিল্পের দুই বৃহত্তম তারকা লেক কমোর সুদৃশ্য স্থানে যখন বিয়ের কাজ সম্পন্ন করেন, ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। যদিও দুজনের প্রেম বিষয়ে ভক্তরা টুকিটাকি জানতেন, তবে কবে বিয়ে করবেন কারা কারা সে অনুষ্ঠানে থাকবে, এই বিষয়টি একদম অজানা ছিল। দীপিকা অবশ্য সব ধোঁয়াশা মুক্ত করে দিয়েছেন। তিনি বলেন, আমি পদ্মাবতের পরে তাকে (রণবীর) বিয়ে করার কথা ভাবতাম। আমরা জানতাম যে এটি ঘটতে যাচ্ছে, এটি ছিল সময়ের ব্যাপার। যখন চলচ্চিত্রটি মুক্তি পায় তখনই মনে হয় সময়টি এসে গেছে।' দীপিকা পাড়ুকোন অভিনীত পদ্মাবত মুক্তি পায় এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে। অর্থাৎ সেই সময়েই তিনি ৬ বছর ধরে ঝুলে থাকা প্রেমের শেষ পরিণতির কথা ভাবেন। অবশেষে নভেম্বরে ডেটিং জীবনের পরিসমাপ্তি ঘটান দীপিকা-রণবীর।   জিএ/এসআর  
পদ্মাবতের পর রণবীরকে বিয়ের কথা ভাবি: দীপিকা পাড়ুকোন
মাকে নিয়ে ভোট দিলেন নায়ক শাকিব
নির্বাচনের আমেজ থেকে বাদ যাননি নায়ক শাকিব খান। আজ (রোববার) বিকেলে মা রেজেয়া বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান তিনি। বিকেল পৌনে চারটার দিকে শাকিব ভোট কেন্দ্রে যান। শাকিব খান ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, ক্যান্ট. ভাষানটেক এলাকা) ভোটার। বিকেলে রিকশায় চড়ে তার মাকে নিয়ে গুলশানের মডেল স্কুলের ভোট কেন্দ্রে যান তিনি। ভোট প্রদান শেষ করে হাসিমুখে বেরিয়ে আসেন তিনি। জানা গেছে, শাকিব এবং তার মা বিকেলে ভোট দিতে গেলেও শাকিবের বাবা ভোট দিয়েছেন দুপুরের আগেই। রিকশা চড়ে ভোট দেয়া প্রসঙ্গে বাংলা সিনেমায় এই সুপারস্টার বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকে রিকশা, বাইক এসব চড়ে বড় হয়েছি। বাসার পাশেই ভোট কেন্দ্র। সেজন্য মাকে নিয়ে রিকশায় চড়ে ভোট কেন্দ্রে এলাম।   তিনি আরও বলেন, কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ। অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট প্রদান হচ্ছে। আমি প্রথমে মনে করেছিলাম কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকবে। কিন্তু গিয়ে দেখলাম ভিন্ন চিত্র। নারী-পুরুষ আলাদাভাবে সারিবদ্ধভাবে লাইনে ভোট দিতে যাচ্ছে। আরও একটা জিনিস ভালো লেগেছে, ভোট কেন্দ্রে গিয়ে আমার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে। এখন ফলাফলের জন্য অপেক্ষা। শাকিব খানের আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফারুক। ধানের শীষ প্রতীকে তার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আন্দালিব রহমান পার্থ। দুপুরের পরেই ওই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনে পার্থ নির্বাচন বর্জন করেন। ডি/জেএইচ
মাকে নিয়ে ভোট দিলেন নায়ক শাকিব
আরও পড়ুন
তারকারা কে কোন আসনের ভোটার?
চলচ্চিত্রে শাবনূরের রজতজয়ন্তী
মৌসুমীকে পেয়ে...
মেকআপ ছাড়াই শুটিং করতেন সালমান শাহ