প্রখ্যাত হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ১২:৪৩ পিএম


প্রখ্যাত হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই
প্রখ্যাত হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর । ছবি: সংগৃহীত

জনপ্রিয় হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি অপরাধভিত্তিক চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক দ্য সোপ্রানোস-এ সালভাতোরে ‘বিগ পুসি’ বোনপেনসিয়েরো চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান।

এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য এপি। 

অভিনেতার দীর্ঘদিনের ব্যবস্থাপক বব ম্যাকগাওয়ান জানান, কয়েকদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে নিউইয়র্কের সিটি আইল্যান্ডে নিজের বাসা থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। অভিনেতা ভিনসেন্ট কুরাতোলার কাছ থেকে তিনি মৃত্যুর খবর নিশ্চিত হন।

আরও পড়ুন

বব ম্যাকগাওয়ান বলেন, ভিনসেন্ট পাস্তোর ছিলেন অত্যন্ত বিশ্বস্ত, উদার ও মানবিক একজন মানুষ। নিয়মিত দাতব্য কাজে অংশ নিতেন এবং মানুষের পাশে দাঁড়াতে কখনও দ্বিধা করতেন না।

Web-Image

তিন দশকের বেশি সময় ধরে তার প্রতিনিধি হিসেবে কাজ করা রবার্ট অ্যাটারম্যানও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ভিনসেন্ট সবার সঙ্গে আন্তরিক আচরণ করতেন। ভক্তদের কখনও ফিরিয়ে দিতেন না। নতুন অভিনেতাদেরও নিয়মিত পরামর্শ ও উৎসাহ দিতেন।

অভিনেতা ও দীর্ঘদিনের সহকর্মী মাইকেল ইম্পেরিওলি সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় বলেন, ভিনসেন্ট ছিলেন হৃদয়বান একজন মানুষ। যুক্তরাষ্ট্র, ইতালি ও অস্ট্রেলিয়ায় একসঙ্গে কাজ ও ভ্রমণের অনেক স্মৃতি রয়েছে তাদের। তাকে সবসময় মনে রাখবেন বলে জানান তিনি।

ভিনসেন্ট পাস্তোরের অভিনয়জীবন শুরু হয় আশির দশকে। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত গুডফেলাস ও অ্যাওয়েকেনিংস-এর মতো আলোচিত চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। তবে দ্য সোপ্রানোস-এ ৩০টি পর্বে ‘বিগ পুসি’ চরিত্রে অভিনয়ই তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দেয়।

নিউইয়র্কের ব্রঙ্কসে জন্ম নেওয়া ভিনসেন্ট পাস্তোর পরে নিউ রোশেলে বেড়ে ওঠেন। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি নৌবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে পেস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে রেনে পাস্তোরকে রেখে গেছেন।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission