
বাংলাদেশের বিখ্যাত মিউজিশিয়ানশিল্পী ও গায়ক হাবিব এর সাথে তরুণ শিল্পী অংকনের আসছে নতুন মেলবন্ধন। এবার তারা কণ্ঠ ও মিউজিকের জাদুতে মাতাবে দর্শকের মন। সম্প্রতি একটি স্টুডিওতে তাদের নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
জনপ্রিয় এই দুই শিল্পীর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই ভক্ত ও সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। নতুন কোনো গানের সুরের কাজেই কি এক টেবিলে বসেছেন তারা! যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন তথ্য দেওয়া হয়নি।
আধুনিক বাংলা গানে সুরের নানামুখী পরীক্ষা-নিরীক্ষা ও নতুন ধারার প্রবর্তক হিসেবে দীর্ঘদিন ধরে অনন্য এক অবস্থান ধরে রেখেছেন হাবিব ওয়াহিদ। অন্যদিকে ‘লং ডিসট্যান্স লাভ’ গানটির মাধ্যমে অংকন কুমার তরুণদের মাঝে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন।
দুই প্রজন্মের এই দুই শিল্পীর সম্ভাব্য মেলবন্ধন তাই স্বাভাবিকভাবেই তৈরি করেছে বাড়তি আগ্রহ। হাবিব ওয়াহিদের দীর্ঘ অভিজ্ঞতা ও বৈচিত্র্যময় মিউজিক কম্পোজিশনের সঙ্গে অংকনের আবেগ-নির্ভর গায়কী মিলিয়ে দারুণ কিছু প্রত্যাশা করছেন সবাই।
হাবিব-অংকনের এই সমন্বয় যদি সত্যিই পূর্ণাঙ্গ কোনো সংগীত প্রকল্পে রূপ নেয়, তবে তা হতে পারে ভক্ত, দর্শক ও শ্রোতাদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আয়োজন।
আরটিভি/ এসকেডি


