ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শরীর গঠন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম
ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হাবিব উল্ল্যাহ ডন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। ২৯ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হাবিব উল্ল্যাহ ডন। যিনি সম্প্রতি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি নিয়োগের আদেশ দেওয়া হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ অনুযায়ী এই কমিটিকে দায়িত্ব গ্রহণের পর আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই ২৯ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক বডিবিল্ডিং খেলোয়ার ও ক্রীড়া সংগঠক রাসেদুর রহমান (নয়ন)। এছাড়া ৬ জন সহ-সভাপতি পদে রয়েছেন আদিল হোসেন নোবেল, মো. আব্দুল্লাহ, ইঞ্জি: জাহিদুল আলম, মো. মাহবুব আলম সুমন, রুশলান হোসেন ও মো. আসিফ মালেক। যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ (বাবু) ও মো: নূরুল ইসলাম খান নাঈম এবং কোষাধ্যক্ষ হিসেবে স্থান পেয়েছেন রনি দাস। ১৮ জন সদস্যের মধ্যে বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়রা অন্তর্ভুক্ত আছেন।

নতুন দায়িত্ব গ্রহণ বিষয়ে সভাপতি হাবিব উল্ল্যাহ ডন জানান, দেশের বডিবিল্ডিং অঙ্গনের মানোন্নয়ন এবং শরীরগঠন চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই হবে তাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘বডিবিল্ডিং আমার কাছে নতুন নয়, এই কমিউনিটির সঙ্গে আমি সুপরিচিত। যে কদিন দায়িত্বে থাকব, ফেডারেশনের মানোন্নয়ন আর সার্বিক কল্যাণে যা প্রয়োজন, সেই পদক্ষেপগুলোই নেওয়া হবে।’

প্রতিযোগিতার মাধ্যমে অ্যাথলেটদের পেশাদারিত্ব বাড়াতে দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বডিবিল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি যোগ করেন, যেহেতু আমরা ক্রীড়া ফেডারেশন, তাই বিদেশে আমাদের নানা টুর্নামেন্টে অংশ নিতে হবে এবং দেশেও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। কম্পিটিশন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা এই কার্যক্রমটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এগিয়ে নেব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
গলফে ব্যাক টু ব্যাক শিরোপা জয় রাজুর
প্রবৃদ্ধি প্রোফেশনাল গলফ টুর্নামেন্টের শিরোপা জিতলেন মো. রাজু। বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) টুর্নামেন্টে রাজুর এটি টানা দ্বিতীয় শিরোপা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জলসিঁড়ি গলফ ক্লাবে চারদিনের এই টুর্নামেন্ট শেষ হলো। পারের চেয়ে ৯ শট কম খেলে শিরোপা নিশ্চিত করেছেন। ৭ আন্ডার পার ২৮১ স্কোর নিয়ে রানারআপ হয়েছেন বাদল হোসেন। এছাড়া ৩ আন্ডার পার ২৮৫ স্কোরে তৃতীয় হয়েছেন আকবর হোসেন। প্রথম রাউন্ডে ৭৪ স্কোর করে খুব একটা ভালো শুরু করতে পারেননি রাজু। দ্বিতীয় রাউন্ডে ৬৮ খেলে ফেরেন লড়াইয়ে। ৩৬ হোল শেষে তখন শীর্ষে ছিলেন আকবর হোসেন (৭০-৬৭)। তৃতীয় দিনে বদলে যায় পুরো চিত্র। ৬৪ স্কোর করেন রাজু, যা পুরো টুর্নামেন্টের সেরা রাউন্ড। ৫৪ হোল শেষে তিনি এগিয়ে যান ৫ শটে। শেষ রাউন্ডে ৭৩ খেলেও সেই ব্যবধানের সুবাদে দুই শটে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করেন রাজু। অন্যদিকে, চার রাউন্ডেই ধারাবাহিক ছিলেন বাদল হোসেন (৭২-৭০-৬৯-৭০)। শেষ দিনে ২ আন্ডার পারের ৭০ খেলে চাপ তৈরি করলেও রাজুকে ধরতে পারেননি। শিরোপা জিতে উচ্ছ্বসিত রাজু বলেন, জিতে খুবই ভালো লাগছে। টানা দ্বিতীয় শিরোপা জিতে আমি যেন নিজেই চমকে গেছি। আমি এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। রানারআপ হয়েও খুশি বাদল হোসেন। তিনি বলেন, এই কোর্সে সবশেষ টুর্নামেন্টে রাজুকে হারিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবার আমাকে হারিয়ে রাজু চ্যাম্পিয়ন। আমরা দু’জনই সাভার গলফ ক্লাবের। একই ক্লাবের দু’জন চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ায় খুবই ভালো লাগছে। এক আন্ডার পার ২৮৭ স্কোর নিয়ে যৌথভাবে চতুর্থ হয়েছেন জামাল হোসেন ও মো. সম্রাট সিকদার। দেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান ও মো. দুলাল হোসেন ইভেন পার ২৮৮ স্কোরে যৌথভাবে ষষ্ঠ হয়েছেন। অষ্টম হয়েছেন মো. শাহজামাল (+২)। ৩ ওভার পার ২৯১ স্কোরে যৌথভাবে নবম হয়েছেন মো. আবদুর রহমান, মো. লিটন মন্ডল, মো. লিটন হাওলাদার ও মো. সজীব আলী। টুর্নামেন্টে ৮৮ জন গলফার অংশ নিয়েছিলেন। দুই রাউন্ড শেষে কাট পার হন ৪৪ জন, তাদের মধ্যে চারজন পরে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত চার রাউন্ড শেষ করেন ৪০ জন। অ্যামেচারদের মধ্যে সেরা হয়েছেন মো. রহিম হোসেন (+১৯)।  আরটিভি/এসআর          
গলফে ব্যাক টু ব্যাক শিরোপা জয় রাজুর
ঢাকায় শুরু হচ্ছে ১৭তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ
বিশ্ব সামরিক ক্রীড়াঙ্গনের মর্যাদাপূর্ণ আসর ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে ঢাকায়। আগামী ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে আট দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১৩ দেশের ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নেবেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইএসএম) এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে— ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এ ছাড়া প্রতিযোগিতায় সিআইএসএম সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আগামী ২৮ নভেম্বর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত সিআইএসএম প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে।  সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই সংস্থাটির মূল লক্ষ্য। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ১৪২টি। বাংলাদেশ ১৯৭৬ সালে সিআইএসএমের ৪১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। এর আগে ২০২৪ সালে ঢাকায় তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আরচারি চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করে বাংলাদেশ।  এবার বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সামরিক ক্রীড়াঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার আরেকটি সুযোগ পাচ্ছে দেশটি। আইএসপিআর আরও জানায়, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও সাংগঠনিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও আতিথেয়তা তুলে ধরার পাশাপাশি দেশের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি হবে। আরটিভি/এসআর
ঢাকায় শুরু হচ্ছে ১৭তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা