
চিত্রনায়ক আমিন খান ও প্রিয়দর্শিনী মৌসুমী। নব্বইয়ের দশকে জুটি হয়ে পর্দা কাঁপিয়েছেন তারা। দীর্ঘ বিরতির পর আবারও এই জুটিকে দেখবেন দর্শক।
বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবিতে দেখা যাবে তাদের। ছবিতে আরও অভিনয় করবেন শাকিব খান ও নবাগতা জাহারা মিতু। গল্পে শাকিব খানের ভাই-ভাবির চরিত্রে অভিনয় করবেন আমিন-মৌসুমী।
সদ্য ঘোষিত ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। ছবির গল্প নিয়ে জানতে চাইলে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ছবির গল্প পুলিশ, সাংবাদিক আর ভিলেনের। আসছে ২৩ জুলাই বিএফডিসির ২ নং ফ্লোরে শুটিং শুরু করব। এ ছবির বেশির ভাগ অংশের শুটিং হবে দেশে। আর গানের কিছু দৃশ্যের শুটিং দেশের বাইরে হবে।
আমিন খান ও মৌসুমীকে একসঙ্গে ‘স্ত্রী কেন শত্রু’, ‘আম্মাজান’, ‘লাল দরিয়া’, ‘স্ত্রীর মর্যাদা’, ‘উত্তেজিত’, ‘আজ গায়ে হলুদ’ছবিতে দেখা গেছে।
এম/পি




