
রাজধানীর কালশীর বাউনিয়া বাঁধ এলাকার বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন জানান, কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, তদন্ত করা ছাড়া এখনি আগুন লাগার কারণ বলা যাবে না। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর আমরা পাইনি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তল্লাশি চালানো হবে। আগুনের কারণ তালাশে করা হবে তদন্ত কমিটি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার তদন্ত করে বলা যাবে।
বস্তিবাসী জানান, বস্তিটিতে ৮০টির মতো দোকানসহ তিন শতাধিক ঘর রয়েছে। আগুনে দোকানসহ ঘর পুড়েছে দুই শতাধিক।
স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-১৬ আসন) আলহাজ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, বস্তিটিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। রাতে থাকার ব্যবস্থা করা হচ্ছে স্থানীয় আরমান স্কুলে। গরম কাপড়ের ব্যবস্থাও করা হচ্ছে। সকালের খাবারের ব্যবস্থাও করা হবে। যতদিন পর্যন্ত তাদের পুনর্বাসন না হয় ততদিন তাদের দায়িত্ব আমার।
এসএস




