
হলিউডের প্রখ্যাত অভিনেতা নিকোলাস কেজ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমুদ্রতীরে মালিবু ম্যানশন নামে সাড়ে ১০ মিলিয়ন ডলার মূল্যের বিলাসবহুল এক বাড়ি আছে তার। ‘ঘোস্ট রাইডার’খ্যাত এই অভিনেতার বিলাসবহুল সেই বাড়িটি সম্প্রতি গিলে নিচ্ছিল ‘রহস্যজনক’ এক সিঙ্কহোল।
বুধবার (৯ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায়, নিকোলাস কেজের ৪ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়িটি আক্ষরিক অর্থেই গিলে নিচ্ছিল বিশাল এক গর্ত। প্রশস্ত ও আধুনিক এই বাড়িটির ড্রাইভওয়ে বা গাড়ি চলাচলের পথের একটি অংশ ইতোমধ্যে চলে গেছে ৩০ বর্গফুটের সেই গর্তে।
বাড়ির গ্যারেজের দিকে যাওয়ার পথের পিচ ও কংক্রিট ফেটে নিচে পড়ে গেছে বলে মনে হচ্ছে; এর সাথে নির্মাণকাজের জন্য ব্যবহৃত ভ্রাম্যমাণ শৌচাগার (পোর্ট-আ-পটি) এবং গোপনীয়তা রক্ষার বেড়ার ভাঙা অংশের মতো কিছু জিনিসও গর্তে পড়ে গেছে। গর্তের ভেতর কংক্রিটের বড় বড় টুকরোও দেখা যাচ্ছিল।
ধ্বংসযজ্ঞের স্থানের একটি ছবিতে বাড়ির পেছনের দিকে সমুদ্র ও সৈকত দেখা যাচ্ছে। গর্তের কিনারা বরাবর কমলা রঙের সতর্কীকরণ কোণ (cones) বসানো ছিল। ছবিতে কমলা রঙের নিরাপত্তা ভেস্ট পরা কর্মীদের ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে এবং দুর্যোগপূর্ণ এলাকার কাছাকাছি ঘোরাফেরা করতেও দেখা গেছে।
আরেকটি ছবিতে দেখা যায়, বাড়িটির কাছে একটি ফায়ার ট্রাক দাঁড়িয়ে আছে এবং গাড়িটি থেকে একটি হলুদ রঙের হোস পাইপ বা নল বেরিয়ে আছে।
‘রিয়ালটর ডট কম’-এর তথ্যমতে, ‘ঘোস্ট রাইডার’খ্যাত ৬২ বছর বয়সী এই অভিনেতা ২০২৪ সালে ৪ হাজার বর্গফুটের এই বাড়িটি সাড়ে ১০ মিলিয়ন ডলারে কিনেছিলেন। বাড়িটি থেকে সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করা যায় এবং এতে একটি ব্যক্তিগত রুফটপ ডেক বা ছাদের ওপর বসার জায়গা রয়েছে।
কেটিএলএ’র তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে গ্যাস লাইন ফেটে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমকলকর্মীরা এই বিশৃঙ্খল দৃশ্যটি দেখতে পান।
অবশ্য, ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও বাড়ি খালি করার কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং এতে কেউ আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
গর্তটি তৈরি হওয়ার সময় বাড়িতে কাউকে দেখা যায়নি। ঘটনার বিষয়ে প্রতিবেদন করার সময় কেটিএলএ-এর রিচ প্রিকেট বলেন, আসলে বাড়িটি দেখে মনে হচ্ছে যেন কোনো ধরনের সংস্কার কাজ চলছে। বিশাল এই বাড়িটি ১৯৯০-এর দশকে ‘লিবারম্যান ব্রডকাস্টিং’-এর প্রয়াত হোসে লিবারম্যান নির্মাণ করেছিলেন; দীর্ঘ সময় লিবারম্যান পরিবারের মালিকানায় থাকার পর অবশেষে বাড়িটি নিকোলাস কেজকে বিক্রি করা হয়।
লস অ্যাঞ্জেলেস এলাকায় দিনভর ভারী বর্ষণের পর এই দুর্যোগটি ঘটে; হারিকেন ‘মেরি’ (Marie)-র প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে তখন উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছিল।
২০২১ সালে পঞ্চম স্ত্রী রিকো শিবাতাকে বিয়ে করা কেজ ‘ন্যাশনাল ট্রেজার’, ‘ফেস/অফ’, ‘কন এয়ার’, ‘গন ইন ৬০ সেকেন্ডস’, ‘লিভিং লাস ভেগাস’, ‘মুনস্ট্রাক’-এর মতো বহু জনপ্রিয় ও কালজয়ী মূলধারার চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
আরটিভি/এসএইচএম




