
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। যেকোনো চরিত্রেই সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে ফুটিয়ে তুলতে জুড়ি নেই তার।
জয় আহসান ‘ডিয়ার মা’ সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরীর। বৃহস্পতিবার (৩ জুলাই) অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন। ট্রেলার মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে জয়ার ভক্তদের আগ্রহ তুঙ্গে। সে আগ্রহের আগুনে ঘি ঢাললেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। শুক্রবার (৪ জুলাই) অভিনেতার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জয়ার আসন্ন সিনেমার ট্রেলারটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অমিতাভ। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘টোনি দা..আমার শুভকামনা সবসময় তোমার সঙ্গে আছে।
অমিতাভ বচ্চনের পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসান। ওই পোস্টে তিনি লিখেছেন, শুক্রবার শুরু হলো একটুখানি হাসি দিয়ে। অমিতাভ বচ্চন ‘ডিয়ার মা’ ছবির ট্রেলার শেয়ার করেছেন। অমিতাভ বচ্চন স্যার আপনার আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রসঙ্গত, ‘ডিয়ার মা’ সিনেমাটি মুক্তি পাবে ১৮ জুলাই। মুক্তির আগে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সিনেমার দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।
আরটিভি/এএ/এস




