
বলিউডে এখন বক্স অফিসে সরগরম রজনীকান্তের ‘কুলি’ আর হৃতিক রোশন–জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’ নিয়ে। মুক্তির পর থেকেই দু’টি কাজ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। তবে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ‘কুলি’।
লোকেশ কানাগমনি পরিচালনায় মুক্তির প্রথম পাঁচ দিনে ভারতে আয় হয়েছে ২০৬.৫ কোটি । ষষ্ঠ দিনে আরও ১.৪ কোটি যোগ হয়ে মোট দাঁড়িয়েছে প্রায় ২০৭.৯ কোটি। বিশ্বব্যাপী মাত্র তিন দিনেই অতিক্রম করে ৩০০ কোটি, আর পাঁচ দিনের মাথায় পৌঁছেছে ৩৫০ কোটি’র ঘরে। এখন দ্রুত ছুটছে ৪০০ কোটি’র পথে।
এই সাফল্যে রজনীকান্তের ‘কুলি’ ২০২৫ সালে ভারতের বাজারে সবচেয়ে দ্রুত ২০০ কোটি ছোঁয়া প্রজেক্ট হিসেবে রেকর্ড গড়েছে।
অন্যদিকে সিদ্ধার্থ আনন্দের ‘ওয়ার ২’, যেখানে অভিনয়ে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর, প্রথম দিনেই আয় করে ৫২ কোটি—এ বছর বলিউডের অন্যতম বড় ওপেনিং। চার দিনের মাথায় ভারতে আয় দাঁড়ায় ১৭৬ কোটি।
তবে সোমবার হঠাৎ গতি কমে যায়। আয় নেমে আসে মাত্র ৮.৫ কোটিতে, যা আগের দিনের তুলনায় প্রায় ৭৫ শতাংশ পতন। ফলে প্রথম পাঁচ দিনে ভারতের বাজারে মোট আয় ১৮৩.২৫ কোটি।
বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৬৮–৩০০ কোটি’র মধ্যে। শুরুতে পুরোনো রেকর্ড ভাঙলেও ভারতের বাজারে আর ‘কুলি’র সঙ্গে তাল মেলাতে পারছে না।
প্রথম সপ্তাহের পরিসংখ্যান বলছে, ভারতের বক্স অফিসে রজনীকান্তের ‘কুলি’ ধারাবাহিকভাবে এগোচ্ছে এবং রেকর্ড ভাঙছে। অন্যদিকে হৃতিক রোশন–জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’ বড় সূচনা করেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না।
আরটিভি/এএ




