
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (১৭ সেপ্টেম্বর) ৭৫ ছুঁয়েছেন। জন্মদিনে শুভানুধ্যায়ীরা শুভেচ্ছায় সিক্ত করছেন তাকে। বলিউড তারকা ও বিজেপি শিবিরের সংসদ সদস্য কঙ্গনা রণৌতও আছেন এ দলে। তবে তিনি করেছেন ব্যতিক্রম এক আয়োজন। রক্তদানের মাধ্যমে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোদির মঙ্গলকামনায় হোমযজ্ঞ করার পাশাপাশি রক্তদান করেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজের রক্তদানের ভিডিও প্রকাশ করেছেন।

মোদিকে নিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে আজ মাণ্ডিতে বিশেষ হোমযজ্ঞ করলাম। পাশাপাশি স্থানীয় বিজেপি সংগঠনের তরফে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে রক্তদান করার সৌভাগ্য হলো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি প্রধানমন্ত্রী দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন।

আরও বলেন, ভারতমাতার প্রকৃত সন্তান এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদীজির জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রেই উন্নত ভারতের স্বপ্ন পূরণে অবিচল তিনি।
কঙ্গনার মোদিবন্দনা নতুন না। সংসদ সদস্য হওয়ার আগে থেকেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। এজন্য অনেক সময় কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আরটিভি/এএ




