
ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়’-এর অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করার পর জামিন দেয়া হয়েছে। পুনে থেকে গ্রেপ্তারের পর বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন তিনি। দিল্লির তিস হাজারী আদালত সম্প্রতি তার জামিন মঞ্জুর করেছে।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, আদালতের সিদ্ধান্তের পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আশিস।
তিনি লিখেছেন, সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তার পর আমি স্বস্তি অনুভব করছি। এই অভিজ্ঞতা আমাকে দেশের গণতন্ত্র ও সংবিধানের প্রতি আস্থা আরও দৃঢ় করেছে। দেশের বিচারব্যবস্থার প্রতি আমার বিশ্বাস এখন আরও গভীর।
তিনি আরও উল্লেখ করেন, এই কঠিন সময়ে যারা আমার পাশে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ। এছাড়াও দেশের আইনব্যবস্থাকেও কৃতজ্ঞতা জানাই, যা প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করে। সত্য সবসময়ই প্রকাশ পায় এবং সত্যেরই জয় হয়।
প্রসঙ্গত, আশিস কাপুরকে ২ সেপ্টেম্বর পুনে, মহারাষ্ট্রে গ্রেপ্তার করা হয়। আদালতের অতিরিক্ত সেশন জজ ভূপিন্দর সিং জানান, প্রয়োজনীয় তদন্ত শেষ হওয়ায় এবং তার পরিচয় ও ন্যায়সঙ্গত রেকর্ডের কারণে জামিন মঞ্জুর করা হয়েছে।
আরটিভি/এএ




