
ওমরাহ শব্দের অর্থ ইচ্ছা করা, পরিদর্শন করা ও সাক্ষাৎ করা। হজের সময় ছাড়া অন্য যেকোনো সময় পবিত্র কাবাঘরের তাওয়াফসহ নির্দিষ্ট কিছু কাজ করাকে ইসলামের পরিভাষায় ওমরাহ বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ওমরাহ পালনের নির্দেশনা দিয়ে বলেন, ‘আল্লাহর জন্য হজ ও ওমরাহ পূর্ণভাবে আদায় করো।’ (সুরা বাকারা: ১৯৬) '।
পবিত্র ওমরাহ করতে বর্তমানে মক্কায় আছেন ঢাকাই সিনেমার এক ঝাঁক তারকা। সেই কাতারে আছেন চলচ্চিত্র অভিনেতা কমল পাটেকর, ওমর সানী, জায়েদ খান, নায়িকা শিল্পীসহ আরও অনেকে।
কমল পাটেকার
গেল ৩ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কমল পাটেকার।

কমল পাটেকার বলেন, অনেক দিনের ইচ্ছে ওমরাহ হজে যাব। অবশেষে সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। স্ত্রীকে নিয়ে ৩ ডিসেম্বর রওনা এসেছি । আগামী ১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের দিন দেশে আসব। সবার কাছে দোয়া চাই—আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করেন এবং আপনাদের জীবনে শান্তি, সুখ ও বরকত দান করেন।
ওমর সানী
মক্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ব্যস্ততা থেকে বিরতি নিয়ে ওমরাহ পালন করতে যাচ্ছেন এ অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিজেই জানিয়েছেন ওমর সানী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ প্রসঙ্গে তিনি একটি স্ট্যাটাস দেন।
ওই স্ট্যাটাস থেকে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতের ফ্লাইটে বাংলাদেশ বিমানে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন নায়ক। প্রায় দেড় মিনিটের একটি ভিডিও আপলোড করে জানান, পুরো টিম নিয়ে ওমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন।
ওমর সানী বলেন, নবীর দেশ, মানবদেহের অক্সিজেনের দেশ হচ্ছে সৌদি আরব। সেখানে পুরো টিম নিয়ে ওমরাহ পালনের জন্য যাচ্ছি। আপনারা সবাই দেয়া করবেন, আল্লাহ যেন আমাদের ওমরাহ কবুল করেন।
ওমর সানী আরও বলেন, বাংলাদেশে খুব শিগগিরই যেন আবার ফিরে আসতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। রেখে গেলাম বাংলাদেশকে। ফিরে পেতে চাই বাংলাদেশকে। ভালো থাকবেন সবাই।
জায়েদ খান
সোমবার ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন জায়েদ খান। মক্কায় পৌঁছে ওমরাহ পালন সম্পন্ন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা শেয়ার করেন ভক্তদের সঙ্গে। ওমরাহ সম্পন্ন করে জায়েদ খান অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম ওমরাহ সুন্দরভাবে শেষ করেছি। এটি আমার জীবনের সবচেয়ে শান্তি ও অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলোর একটি। আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তায়ালা সুস্থ রাখুন, সুন্দর রাখুন।
ধর্মীয় বিধান অনুযায়ী ওমরাহ পালনের অংশ হিসেবে মাথা মুণ্ডন করেছেন এই নায়ক। চুল নিয়ে তার ব্যক্তিগত পছন্দ থাকা সত্ত্বেও নিঃসংকোচে তা করেছেন তিনি।

এ প্রসঙ্গে জায়েদ বলেন, আমি চুল খুব ভালোবাসি। সব সময়ই চুল নিয়ে সচেতন থাকি। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি মাথা মুণ্ডন করেছি। আমার মনে পড়ে, শেষবার চুল পুরোপুরি কাটিয়েছিলাম প্রায় ৩০ বছর আগে। যদিও ‘ক্ষত’ সিনেমার চরিত্রের জন্য চুলে কিছু ডিজাইন করেছিলাম।
আনজুমান আরা শিল্পী
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আনজুমান আরা শিল্পী। জননন্দিত নায়ক সালমান শাহর ‘প্রিয়জন’ সিনেমায় ছিলেন অকালপ্রয়াতের নায়িকা। সেই সিনেমার গান তখন ছিল মানুষের মুখে মুখে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও ‘প্রিয়জন’ সিনেমার এই অভিনেত্রীকে খোঁজেন দর্শকরা। সেই শিল্পী সিনেমা ছেড়েছেন ২০০০ সালে।
বর্তমানে স্বামী ও সন্তানদের নিয়েই শিল্পীর ব্যস্ততা। ভালোবেসে বিয়ে করা এই অভিনেত্রীর একমাত্র ছেলে সানাদ ইকবাল ও একমাত্র মেয়ে অ্যাঞ্জেলিনা ইকবাল—এই দুই সন্তানই তার জীবনের কেন্দ্রবিন্দু। সম্প্রতি পরিবারসহ তিনি ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী। সেখানে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের পথে রওনা হলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন।
এছাড়াও ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, নায়িকা রত্নাও গিয়েছেন ওমরাহ পালন করতে।
আরটিভি/এএ




