ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মাহবুবুল খালিদের কথা-সুরে গাইলেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে এবার কণ্ঠ দিলেন বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন মাহবুবুল খালিদ।

রোমান্টিক আবহের গানটিতে প্রেম, রূপ আর মুগ্ধতার কথা উঠে এসেছে দারুণ সব লোকজ শব্দের বুননে। প্রিয় মানুষের সৌন্দর্যে মুগ্ধ এক প্রেমিকের অনুভূতি প্রকাশ পেয়েছে গানের কথায়।

গানের কয়েকটি পঙ্‌ক্তি এমন, ‘সখি তুই কি তেল মাখিস চুলে, কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে, তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর, রূপে আগুন জ্বলে।’

শিগগিরই গানটির সংগীতচিত্র প্রকাশিত হবে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এরই মধ্যে একই নামের ওয়েবসাইটে গানটির অডিও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বাংলাদেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে নিয়মিত সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন মাহবুবুল খালিদ। তার লেখা গান নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ‘খালিদ সংগীত’ ব্যানারে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত তার লেখা পাঁচ শতাধিক গান প্রকাশ পেয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা।

শুধু প্রেম-ভালোবাসা নয়, মাহবুবুল খালিদের গানে উঠে এসেছে সমাজের নানা অসংগতি, মানবিক সংকট ও আলোচিত ঘটনাও। ঢাকার মিরপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তিনি লিখেছেন ‘আদুরি’। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে তার লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানেও উঠে এসেছে নির্মম বাস্তবতা।

মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তার লেখা ‘মাগুরার ফুল’ গানটি মানুষের বিবেক ও মানবিকতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। সাম্প্রতিক সময়ে ‘রামিসার বিচার’ শিরোনামেও গান লিখেছেন তিনি।

দেশের বিভিন্ন সামাজিক ঘটনা ছাড়াও আন্তর্জাতিক মানবিক সংকট তার গানে জায়গা পেয়েছে। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়েও গান লিখেছেন মাহবুবুল খালিদ। তার এসব সৃষ্টিতে মানবতা, প্রতিবাদ ও সচেতনতার বার্তা তুলে ধরার চেষ্টা রয়েছে।

এবার সেই বৈচিত্র্যময় গানের ধারায় যুক্ত হলো আসিফ আকবরের কণ্ঠে ‘সখি তুই কি তেল মাখিস চুলে’।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। সাতটি জনপ্রিয় ব্যান্ডের অংশগ্রহণে বিকেল ৪টা থেকে শুরু হবে সাত ঘণ্টার এই সংগীত আয়োজন।
আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
বিনা টিকিটে জেমসের কনসার্ট, একই মঞ্চে গাইবে সাত ব্যান্ড
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে গান শোনাবেন দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ এই সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। 
বিনা টিকিটে জেমসের কনসার্ট, একই মঞ্চে গাইবে সাত ব্যান্ড
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ পায়নি পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও গায়ক আবু জাহিদ ওরফে অন্তুর বিরুদ্ধে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ও মডেল জান্নাতুন তাজরি অরাকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ।  প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা ও বিয়ের চাপ সৃষ্টির উদ্দেশ্যেই এই সাজানো মামলা দায়ের করা হয়েছিল বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। সম্প্রতি, আবু জাহিদ অন্তুকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।  এদিকে, মিথ্যা মামলা দায়ের করায় জান্নাতুন তাজরি অরার বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে তদন্ত কর্মকর্তা। মামলার নথি অনুযায়ী, আবু জাহিদ ওরফে অন্তু পেশায় একজন গায়ক, মডেল ও গিটার প্রশিক্ষক। বাদী জান্নাতুন তাজরি অরা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী। ২০২৫ সালে টিএসসিতে গিটার শেখার সূত্রে তাদের পরিচয়। একপর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়।  এজাহারে অভিযোগ করা হয়, গত ২ মে বিকেলে পণ্যের ফটোশুটের কথা বলে গুলশানের একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে তাকে যৌন নিপীড়ন ও শারীরিকভাবে আঘাত করা হয়। পরে ৩১ মে জান্নাতুন তাজরি অরা বাদী হয়ে গুলশান থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’-এর ১০ ধারায় (যৌন পীড়ন) একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন গুলশান থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) কে. এম. রাশিদুর রহমান। তদন্তে উঠে এসেছে, জান্নাতুন তাজরি অরা জাহিদ অন্তুকে প্রেমের প্রস্তাব দিলে তিনি রাজি হননি। এরপর দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে হঠাৎ একদিন অন্তুর গুলশানের বাসার স্টুডিওতে পণ্যের ফটোশুটের প্রস্তাব দিলে অরা রাজি হন। ২ মে সকালে সেখানে গিয়ে অন্তুকে পাননি তিনি। একই দিন বিকেলে দুজনের দেখা হয়।  পরে বাসার অফিসরুমে গিয়ে বসেন তারা। কিছুক্ষণ পর মোবাইল ফোন চার্জে রেখে বাসার নিচে যান অন্তু। এ সময় অন্তুর ফোনে কল এলে অরা ফোন রিসিভ করে নিজেকে তার স্ত্রী বলে দাবি করেন। বিষয়টি জানতে পেরে কেন এমন মিথ্যাচার করেছেন, তা অরার কাছে জানতে চান অন্তু। ঘটনাস্থলে মামলার সাক্ষীরাও উপস্থিত ছিলেন। এ ঘটনায় জান্নাতুন তাজরি অরা চরম লজ্জিত ও অপমানিত বোধ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই ঘটনার জের ধরেই অন্তুর বিরুদ্ধে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ এনে মামলা করা হয়। তদন্তকালে বাদী জান্নাতুন অরা কোনো সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেননি বলেও চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিবাদী ও বাদীর মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), ভবনের সিসিটিভি ফুটেজ এবং নিরপেক্ষ সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করে পুলিশ। কিন্তু অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাদীর শারীরিক পরীক্ষা করানো হলে চিকিৎসকের প্রতিবেদনে কোনো আঘাত বা নিপীড়নের আলামত পাওয়া যায়নি বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। অভিযুক্তকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা ও বিয়ের চাপ সৃষ্টির উদ্দেশ্যেই এই সাজানো মামলা দায়ের করা হয়েছিল বলে উল্লেখ করা হয় চূড়ান্ত প্রতিবেদনে। গত ৩১ জুলাই পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে আবু জাহিদ অন্তুকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন জানায়। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অপরাধে বাদী জান্নাতুন তাজরি অরার বিরুদ্ধে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’-এর ১৭ ধারায় প্রসিকিউশন দাখিলের জন্য বিজ্ঞ আদালতের অনুমতি প্রার্থনা করেছে পুলিশ। এ বিষয়ে জাহিদ অন্তু জানান, মিথ্যা মামলার কারণে সামাজিকভাবে তার সম্মানের ক্ষতি হয়েছে। পাশাপাশি ব্যবসায়িকভাবেও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। এখন তদন্তের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে তিনি নির্দোষ। কিন্তু তাঁর যে ক্ষতিটা হয়ে গেল, কোনো কিছু ভালোভাবে যাচাই-বাছাই না করেই তাকে যেভাবে গ্রেফতার করা হলো, সেই ক্ষতির দায় কে নেবে? তদন্ত কর্মকর্তা কে. এম. রাশিদুর রহমান বলেন, তিনি তদন্ত করে অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ পাননি। চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন, এখন পরবর্তী সিদ্ধান্ত আদালতের। আরটিভি নিউজ/এসআর  
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ পায়নি পুলিশ
আরটিভি লিটল স্টার সিজন-২ এর সম্প্রচার শুরু
দেশের শিশু-কিশোরদের সংগীত প্রতিভা তুলে ধরার লক্ষ্যে আরটিভির আয়োজনে শুরু হয়েছে মিউজিক্যাল রিয়েলিটি শো এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস “আরটিভি লিটল স্টার সিজন ২ – আগামীর কণ্ঠস্বর”, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর ভিডিও জমা পড়ে এই আয়োজনে সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে ৫০০০ প্রতিযোগীর ভিডিও বিচারকরা বিশ্লেষণ করেন। পরবর্তীতে নির্বাচিত ১৫০ জন প্রতিযোগীকে নিয়ে আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে শুরু হয় মূল প্রতিযোগিতার পথচলা। আয়োজনে বিচারক হিসেবে আছেন, ফেরদৌস ওয়াহিদ, সানিয়া সুলতানা লিজা, জাকিয়া সুলতানা কর্নিয়া। আরজু আহমেদ প্রযোজিত অনুষ্ঠানটি আরটিভির পর্দায় দেখবেন প্রতি বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। আরটিভি/এমএইচজে
আরটিভি লিটল স্টার সিজন-২ এর সম্প্রচার শুরু