
পাঁচ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন এই সংগীতশিল্পী। দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কে ভাঙনের খবর প্রকাশ্যে আসায় সংগীতাঙ্গনে তৈরি হয়েছে আলোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটল। দীর্ঘদিনের একসাথে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর, আমরা নিজেদের মতো করে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এরপর সবাইকে অনুরোধ জানিয়ে ন্যান্সি আরও লেখেন, ‘যারা সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে আমাদের পরিস্থিতি বোঝার, সম্মান দেখানোর এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি জীবনের এই নতুন অধ্যায়টি শক্তি, মর্যাদা ও শান্তির সাথে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
জীবনের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করে পোস্টের শেষে এই গায়িকা লেখেন, ‘জীবন তার নিজের নিয়মেই এগিয়ে চলে। আমি শক্তি, আত্মসম্মান আর শান্তি নিয়ে জীবনের এই নতুন অধ্যায়টাকে বরণ করে নিতে চাই। সবসময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ন্যান্সি। এটি ছিল এই সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে। এই দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে।
আরটিভি/এসকে


