
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ অভিনেতা কামাল বায়েজীদ। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অসুস্থতার খবরে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য কামাল বায়েজীদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
অভিনয়শিল্পী সংঘের একাধিক সদস্য ও তার সহকর্মীদের সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের পর বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন সহকর্মীরা। তবে এ বিষয়ে বিস্তারিত চিকিৎসা-তথ্য জানা যায়নি।
কামাল বায়েজীদের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহকর্মীরা।
চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন কামাল বায়েজীদ। দীর্ঘ অভিনয়জীবনে তিনি নিজের দক্ষতা ও অভিনয়শৈলী দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। ‘একাত্তরের যীশু’, ‘গেরিলা’ ও ‘চোরাবালি’র মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া বিবিসি জানালার ‘মজায় মজায় শেখা’ অনুষ্ঠানে ‘কামাল’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান এই অভিনেতা। তার সাবলীল অভিনয় দর্শকের কাছে তাকে আরও জনপ্রিয় করে তোলে।
কামাল বায়েজীদের অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন অভিনয়শিল্পী সংঘ ও থিয়েটার অঙ্গনের সহকর্মীরা। প্রিয় এই অভিনেতার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা করছেন তারা।
আরটিভি/এসকে


