
সব বন্ধুর মাঝে বসে আছেন,আশে পাশের সবাই মিলে আড্ডা দিচ্ছে,গল্প করছে।তবুও মনে হচ্ছে যে আপনি বড্ড একা।কখনো এমন অনুভূতি মনে হয়েছে আপনার?বিজ্ঞানের ভাষায় এমন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হওয়াকে বলে সাবজেক্টিভ লনলিনেস বা আত্মগত একাকিত্ব।
মনোবিজ্ঞানী রবার্ট এস ভাইসের মতে মানুষের একাকিত্ব দুই ধরণের হয়ে থাকে।প্রথমটি হলো Social Loneliness বা আশেপাশে মানুষের অভাব,অপরটি হলো Emotional Loneliness বা ভালোবাসার মানুষের অভাব। মানুষের ভিড়ে বা বন্ধুদের মাঝে থেকেও যখন কেউ নিজের আবেগকে প্রকাশ করতে পারে না বা অপরপক্ষের কাছ থেকে পারস্পরিক বোধগম্যতা পায় না, তখনই তার মাঝে Emotional Loneliness তৈরি হয়।
মূলত যখন আমরা আশেপাশের মানুষের সাথে স্বাধীনভাবে কথা বলতে পারি,চলতে পারি তখন আমাদের দেহে 'বন্ডিং হরমোন' নামের অক্সিটোসিন হরমোন নিঃসৃত হওয়ার উদ্দীপনা তৈরি হয়।তবে যদি সেই পরিবেশে মুক্তভাবে মানিয়ে নিতে না পারি বা সামাজিক প্রত্যাখ্যান, উপেক্ষা বা অস্বস্তিকর লাগে তাহলে দেহে স্ট্রেস বৃদ্ধিজনিত কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে।যার কারণে ভিড়ের মাঝেও নিজেকে একা লাগতে লাগে।
তবে এরকম সাবজেক্টিভ লনলিনেসের অন্যতম প্রধান অনুঘটক হচ্ছে আশেপাশের মানুষের আচরণ।ধরুন, বন্ধুদের সঙ্গে বাসে করে কোথাও ঘুরতে গিয়েছেন। দেখা গেল, তারা সবাই পাশাপাশি সিটে বসেছে, আর সিট না থাকায় আপনাকেই বারবার বসতে হলো একা অন্য একটি সিটে। কিংবা একসঙ্গে হাঁটতে হাঁটতে তারাই নিজেদের মধ্যে গল্প করছে, আর আপনি শুধু নীরবে তাদের পেছন পেছন হেঁটে যাচ্ছেন।কিংবা আপনি কথা বলছেন, কিন্তু কেউ গুরুত্ব দিলে না; বারবার কথার মাঝেই থামিয়ে দিল। আবার বন্ধুদের মাঝে হাসি-ঠাট্টা স্বাভাবিক হলেও যদি সবসময় আপনাকেই লক্ষ্য করে মজা করা হয়, তাহলে এসব অভিজ্ঞতা ধীরে ধীরে আত্মগত একাকিত্বের অনুভূতি তৈরি করতে পারে।
এ অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রথমেই প্রয়োজন সোশ্যাল মাস্কিং কমানো—অর্থাৎ অন্যদের খুশি করতে গিয়ে নিজের প্রকৃত অনুভূতি সবসময় লুকিয়ে না রাখা।আশেপাশের ফ্রেন্ড সার্কেলে পরিবর্তন আনাও জরুরি। এমন বন্ধুদের সাথেই চলা উচিত যারা আপনার মতামতকে গুরুত্ব দেবে; আপনাকে গুরুত্ব দিবে।তবে সবাই আপনাকে সবসময় সমান হারে গুরুত্বদিবে এমন প্রত্যাশা রাখাটাও অনুচিত।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজের সঙ্গে একা সময় কাটানোকে শাস্তি নয়, বরং উপভোগ করার অভ্যাসে গড়ে তোলা।
লেখক: আতিক মাহবুব তানজিম
শিক্ষার্থী,রসায়ন বিভাগ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


