
প্রেমের সম্পর্ক নেই, নিয়মিত কথাবার্তাও হয় না। এমনকি পছন্দের মানুষটি হয়তো জানেনই না, তাকে ঘিরে কারও মনে তৈরি হয়েছে ভালোবাসার গল্প। তবু মনে মনে সেই মানুষটির সঙ্গে ভবিষ্যৎ সাজানো, একসঙ্গে সময় কাটানোর কল্পনা কিংবা সম্ভাব্য সম্পর্ক নিয়ে ভাবনায় ডুবে থাকা এমন প্রবণতার নাম ‘ডেলুশনশিপ’।
সাম্প্রতিক সময়ে জেন-জিদের মধ্যে পরিচিতি পাওয়া এই শব্দটি ডেটিং ও সম্পর্কবিষয়ক আলোচনায় বেশ আলোচিত হচ্ছে। বাস্তবে কোনো সম্পর্কের অস্তিত্ব না থাকলেও নিজের কল্পনায় কাউকে ঘিরে প্রেমের গল্প তৈরি করাই মূলত ডেলুশনশিপ।
‘ডেলুশনশিপ’ শব্দটি ইংরেজি ‘ডেলুশন’ ও ‘রিলেশনশিপ’ শব্দের সমন্বয়ে তৈরি। সহজভাবে বললে, এটি এমন এক ধরনের কাল্পনিক সম্পর্ক, যেখানে একজন ব্যক্তি নিজের মনে অন্য কাউকে নিয়ে প্রেমের নানা দৃশ্য ও ভবিষ্যতের পরিকল্পনা সাজিয়ে নেন। অথচ অপর পক্ষের সঙ্গে তার এমন কোনো সম্পর্ক থাকে না, এমনকি বিষয়টি সম্পর্কে অপর ব্যক্তি কিছু জানতেও পারেন না।
কেন তৈরি হয় ডেলুশনশিপ?
কাউকে ভালো লাগা, তার প্রতি আকর্ষণ কিংবা একসঙ্গে সময় কাটানোর ইচ্ছা থেকেই এমন কল্পনার শুরু হতে পারে। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ছবি, ভিডিও কিংবা পোস্ট দেখে তার প্রতি আগ্রহ তৈরি হয়। ধীরে ধীরে সেই ব্যক্তিকে নিয়ে নানা ভাবনা ও কল্পনা তৈরি হতে থাকে।
বাস্তবে যোগাযোগ না থাকলেও মনের মধ্যে এগিয়ে চলে সম্পর্কের গল্প। কল্পনায় তৈরি হয় একসঙ্গে ঘুরতে যাওয়া, সময় কাটানো কিংবা ভবিষ্যৎ জীবনের নানা মুহূর্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের কারণে এখন দূর থেকেই কাউকে অনুসরণ করা সহজ হয়েছে। তার অনলাইন উপস্থিতি, ছবি কিংবা পোস্ট দেখে ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা তৈরি করেন অনেকে। কখনো সেই ধারণার ওপর ভিত্তি করেই বাস্তব পরিচয়ের চেয়ে কল্পনার মানুষটির সঙ্গে আবেগের সংযোগ বেশি তৈরি হয়।
একতরফা প্রেমের সঙ্গে কি একই?
ডেলুশনশিপ ও একতরফা প্রেম কাছাকাছি মনে হলেও দুটির মধ্যে পার্থক্য রয়েছে। একতরফা প্রেমে একজন ব্যক্তি অন্য কাউকে ভালোবাসেন, কিন্তু অপর পক্ষের কাছ থেকে একই ধরনের অনুভূতি পান না।
অন্যদিকে ডেলুশনশিপে বাস্তব সম্পর্কের চেয়ে কল্পনার ভূমিকা বেশি। অর্থাৎ, কারও সঙ্গে সম্পর্ক হওয়ার সম্ভাবনা কিংবা তাকে ঘিরে ভবিষ্যৎ জীবনের নানা দৃশ্য নিজের মনে তৈরি করে নেওয়াই এর অন্যতম বৈশিষ্ট্য।
কখন সতর্ক হওয়া প্রয়োজন?
কাউকে পছন্দ করা কিংবা তাকে নিয়ে কল্পনা করা অস্বাভাবিক কিছু নয়। তবে সেই কল্পনা যখন বাস্তব জীবন, পড়াশোনা, কাজ কিংবা অন্য সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
নিজের অনুভূতি ও বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে পারা জরুরি। অপর ব্যক্তির অনুভূতি, আগ্রহ ও সম্মতিকেও গুরুত্ব দিতে হবে। কারণ, মনের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক বাস্তব সম্পর্কের বিকল্প হতে পারে না।
তবে মনে রাখতে হবে, ‘ডেলুশনশিপ’ কোনো আনুষ্ঠানিক মনস্তাত্ত্বিক রোগনির্ণয় নয়। এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও তরুণ প্রজন্মের কথাবার্তায় ব্যবহৃত একটি অনানুষ্ঠানিক শব্দ।
আরটিভি/এসকে


