ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নেই প্রচারণা: ৩৯ বছরে কোটি মানুষের সেবায় আল মারকাজুল ইসলামী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
ছবি: সংগৃহীত

২০২০ সাল। করোনায় কেউ মারা গেলে মরদেহ ছুঁতে চাইছে না কেউ। সংক্রমণের ভয়ে স্বজনেরাও দূরে দাঁড়িয়ে। হাসপাতালের বারান্দায়, বাড়ির ঘরে পড়ে থাকছে নিথর দেহ। দায়িত্ব নেওয়ার মতো হাত তখন খুঁজে পাওয়া কঠিন।

ঠিক সেই সময়ে সুরক্ষা পোশাক পরে একদল মানুষ এগিয়ে গিয়েছিলেন। তারা আল মারকাজুল ইসলামীর (এএমআই) কর্মী। সরকারি হিসাবে দেশে করোনায় মৃত্যু ২৯,৫৩১ জনের। তার মধ্যে ৬,৮৭২ জনের মৃতদেহ গোসল, কাফন ও দাফনের সব ব্যবস্থা করেছে এই একটি সংস্থা। হিন্দু ও খ্রিষ্টানদের বেলায় তাদের নিজ নিজ ধর্মের রীতি অনুযায়ী দাহ ও সমাহিত করার ব্যবস্থা হয়েছে। মৃত মানুষটির ধর্ম কী, সেই প্রশ্নে কাউকে ফেরানো হয়নি।

করোনার ওই দিনগুলো সংস্থাটির দীর্ঘ পথচলার একটি অধ্যায় মাত্র। এর শুরু আরও অনেক আগে, ১৯৮৮ সালে।

এক আলেমের স্বপ্ন থেকে যাত্রা শুরু

নড়াইলের সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির হাতে প্রতিষ্ঠা পায় আল মারকাজুল ইসলামী। এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত সংস্থাটি আজ দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ ইসলামি সেবা সংস্থা। ৩৯ বছরে একদিনের জন্যও এর কাজ থামেনি।

প্রতিষ্ঠাতার ইন্তেকালের পর চেয়ারম্যানের দায়িত্বে আছেন তাঁর ছেলে মাওলানা হামজা শহীদুল ইসলাম। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের প্রধান কার্যালয় থেকে চলে সারা দেশের কাজ। কর্মী এখন ৪৫০ জনের বেশি।

মাওলানা হামজা শহীদুল ইসলাম বলেন, ‘মানুষের সেবা ছিল আমার আব্বার স্বপ্ন। আল মারকাজুল ইসলামী সেই স্বপ্নেরই ফসল। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন বাস্তবায়নে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।’

এত বড় পরিসরের কাজ, অথচ গণমাধ্যমে সংস্থাটির উপস্থিতি কম কেন, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমরা প্রচারের জন্য কাজ করি না। সম্মানিত দাতারা যে আমানত আমাদের হাতে তুলে দেন, তার হিসাব তাদের সামনে তুলে ধরতে যতটুকু প্রয়োজন, আমাদের প্রচার ততটুকুই। এর বাইরে আমাদের চাওয়া শুধু আল্লাহর সন্তুষ্টি।’

জন্ম থেকে মৃত্যু, প্রতিটি ধাপে

দাওয়াহ, তালিম, তাযকিয়া ও খিদমাহ, এই চার স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এএমআইয়ের সব কর্মসূচি। সংস্থার দেওয়া হিসাব মিলিয়ে দেখলে বোঝা যায়, একজন মানুষের জীবনের প্রায় প্রতিটি ধাপে তাদের কোনো না কোনো সেবা আছে।

শিশুদের কথাই ধরা যাক। প্রায় ৪৩ লাখ শিশু এই সংস্থার কাছ থেকে শিক্ষা, খাদ্য, আশ্রয় ও চিকিৎসা পেয়েছে। চলছে ৮টি এতিমখানা। দৃষ্টিপ্রতিবন্ধীদের মাদ্রাসা থেকে কুরআনের হাফেজ হয়ে বেরিয়েছেন ৫০০ জন। ঠোঁটকাটা ও তালুকাটা ৭ হাজার শিশুর অস্ত্রোপচার হয়েছে বিনামূল্যে। এমন একটি অস্ত্রোপচারে খরচ পড়ে প্রায় ৪০ হাজার টাকা, যার পুরোটাই বহন করে সংস্থা।

কর্মক্ষম মানুষের জন্য আছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ কর্মসূচি। কারও হাতে নগদ অর্থ, কারও হাতে রিকশা বা ভ্যান, কাউকে গবাদিপশু, জেলেকে জাল ও নৌকা। সংস্থার হিসাবে, এই সহায়তা পৌঁছেছে এক কোটির বেশি মানুষের কাছে।

অসুস্থ মানুষের জন্য আছে এএমআই হাসপাতাল। ৩৯ বছরে এর বহির্বিভাগে সেবা নিয়েছেন ১০ লাখ রোগী, অন্তর্বিভাগে ১ লাখ। কেরানীগঞ্জের ৩০০ শয্যার চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে ২১ হাজার। রোগী ও মরদেহ বহনে দিনরাত ছুটছে ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ও লাশবাহী ফ্রিজার গাড়ি।

মনের অসুখেও পাশে থাকে সংস্থাটি। মাদকাসক্তদের কাউন্সেলিং, সংকটে পড়া মানুষের মানসিক সহায়তা, ফতোয়া ও পরামর্শ সেবা চলছে নিয়মিত।

আর জীবনের শেষ ধাপে আছে সেই কাজ, যা দিয়ে মানুষ এএমআইকে সবচেয়ে বেশি চেনে। মৃতদেহ গোসল। এ পর্যন্ত ২ লাখ ১০ হাজারের বেশি মৃতদেহের গোসল হয়েছে তাদের হাতে। যে মৃতদেহের কোনো দাবিদার নেই, তার গোসলের দায়িত্বও নেয় এই সংস্থা।

মসজিদ, পানি, ত্রাণ

দেশে ও দেশের বাইরে মিলিয়ে ১,০৪৭টি মসজিদ নির্মাণ করেছে এএমআই। অজুখানা তৈরি করেছে দুই হাজারের বেশি। বিনামূল্যে বিতরণ করেছে ৬০ হাজারের বেশি কুরআন শরিফ।

বিশুদ্ধ পানির জন্য দেশজুড়ে বসিয়েছে আড়াই হাজারের বেশি গভীর ও ৪০ হাজারের বেশি অগভীর নলকূপ। বাবর রোডের প্রধান কার্যালয়ের নিচের গভীর নলকূপ থেকে এলাকাবাসী ও পথচারীরা ২০ বছর ধরে বিনামূল্যে পানি নিচ্ছেন, মাসে প্রায় ১০ লাখ লিটার।

দুর্যোগের সময় সংস্থাটির ত্রাণ পেয়েছেন এক কোটির বেশি মানুষ। শীতে গরম কাপড় পেয়েছেন ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। রমজানে খাদ্যসামগ্রী গেছে ২ লাখ পরিবারে, কুরবানির গোশত ৩ লাখ ৪০ হাজার পরিবারে। রানা প্লাজা ধসের উদ্ধারকাজ থেকে ফেনী ও চট্টগ্রামের বন্যা, বড় দুর্যোগগুলোতে মাঠে দেখা গেছে তাদের কর্মীদের।

২০১৭ সালে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে আসার পর থেকেই আশ্রয়শিবিরে কাজ করছে এএমআই। ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৯৫ হাজার রোহিঙ্গা পরিবার তাদের সেবা পেয়েছে। দেশের সীমানা পেরিয়ে গাজা, সুদান, ইয়েমেন, লেবানন, ইরাক, তুরস্ক ও নেপালেও পৌঁছেছে সংস্থাটির মানবিক সহায়তা।

‘এই হাদিসই আমাদের শক্তি’

এত কাজের প্রেরণা কোথায়, জানতে চাইলে মাওলানা হামজা শহীদুল ইসলাম একটি হাদিস শোনান। ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ সেই বান্দার সাহায্যে থাকেন (সহিহ মুসলিম)। ৩৯ বছর ধরে এই হাদিসই আমাদের পথচলার শক্তি।’

আল মারকাজুল ইসলামীতে দেওয়া অনুদান সরকার অনুমোদিত কর রেয়াত ও কর অব্যাহতির আওতাভুক্ত। সংস্থাটি সমাজ সেবা অধিদপ্তর ও এনজিও বিষয়ক ব্যুরো নিবন্ধনও পেয়েছে। মোহম্মদপুরের বাবর রোডে খুব সাধারণ একটি ভবন থেকে পরিচালনা করা হয় সংস্থাটির বিশাল কর্মযজ্ঞ। প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট www.amibd.org।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেন-জিদের প্রেমের নতুন ট্রেন্ড ‘ডেলুশনশিপ’
প্রেমের সম্পর্ক নেই, নিয়মিত কথাবার্তাও হয় না। এমনকি পছন্দের মানুষটি হয়তো জানেনই না, তাকে ঘিরে কারও মনে তৈরি হয়েছে ভালোবাসার গল্প। তবু মনে মনে সেই মানুষটির সঙ্গে ভবিষ্যৎ সাজানো, একসঙ্গে সময় কাটানোর কল্পনা কিংবা সম্ভাব্য সম্পর্ক নিয়ে ভাবনায় ডুবে থাকা এমন প্রবণতার নাম ‘ডেলুশনশিপ’। সাম্প্রতিক সময়ে জেন-জিদের মধ্যে পরিচিতি পাওয়া এই শব্দটি ডেটিং ও সম্পর্কবিষয়ক আলোচনায় বেশ আলোচিত হচ্ছে। বাস্তবে কোনো সম্পর্কের অস্তিত্ব না থাকলেও নিজের কল্পনায় কাউকে ঘিরে প্রেমের গল্প তৈরি করাই মূলত ডেলুশনশিপ। ‘ডেলুশনশিপ’ শব্দটি ইংরেজি ‘ডেলুশন’ ও ‘রিলেশনশিপ’ শব্দের সমন্বয়ে তৈরি। সহজভাবে বললে, এটি এমন এক ধরনের কাল্পনিক সম্পর্ক, যেখানে একজন ব্যক্তি নিজের মনে অন্য কাউকে নিয়ে প্রেমের নানা দৃশ্য ও ভবিষ্যতের পরিকল্পনা সাজিয়ে নেন। অথচ অপর পক্ষের সঙ্গে তার এমন কোনো সম্পর্ক থাকে না, এমনকি বিষয়টি সম্পর্কে অপর ব্যক্তি কিছু জানতেও পারেন না। কেন তৈরি হয় ডেলুশনশিপ? কাউকে ভালো লাগা, তার প্রতি আকর্ষণ কিংবা একসঙ্গে সময় কাটানোর ইচ্ছা থেকেই এমন কল্পনার শুরু হতে পারে। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ছবি, ভিডিও কিংবা পোস্ট দেখে তার প্রতি আগ্রহ তৈরি হয়। ধীরে ধীরে সেই ব্যক্তিকে নিয়ে নানা ভাবনা ও কল্পনা তৈরি হতে থাকে। বাস্তবে যোগাযোগ না থাকলেও মনের মধ্যে এগিয়ে চলে সম্পর্কের গল্প। কল্পনায় তৈরি হয় একসঙ্গে ঘুরতে যাওয়া, সময় কাটানো কিংবা ভবিষ্যৎ জীবনের নানা মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের কারণে এখন দূর থেকেই কাউকে অনুসরণ করা সহজ হয়েছে। তার অনলাইন উপস্থিতি, ছবি কিংবা পোস্ট দেখে ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা তৈরি করেন অনেকে। কখনো সেই ধারণার ওপর ভিত্তি করেই বাস্তব পরিচয়ের চেয়ে কল্পনার মানুষটির সঙ্গে আবেগের সংযোগ বেশি তৈরি হয়। একতরফা প্রেমের সঙ্গে কি একই? ডেলুশনশিপ ও একতরফা প্রেম কাছাকাছি মনে হলেও দুটির মধ্যে পার্থক্য রয়েছে। একতরফা প্রেমে একজন ব্যক্তি অন্য কাউকে ভালোবাসেন, কিন্তু অপর পক্ষের কাছ থেকে একই ধরনের অনুভূতি পান না। অন্যদিকে ডেলুশনশিপে বাস্তব সম্পর্কের চেয়ে কল্পনার ভূমিকা বেশি। অর্থাৎ, কারও সঙ্গে সম্পর্ক হওয়ার সম্ভাবনা কিংবা তাকে ঘিরে ভবিষ্যৎ জীবনের নানা দৃশ্য নিজের মনে তৈরি করে নেওয়াই এর অন্যতম বৈশিষ্ট্য। কখন সতর্ক হওয়া প্রয়োজন? কাউকে পছন্দ করা কিংবা তাকে নিয়ে কল্পনা করা অস্বাভাবিক কিছু নয়। তবে সেই কল্পনা যখন বাস্তব জীবন, পড়াশোনা, কাজ কিংবা অন্য সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। নিজের অনুভূতি ও বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে পারা জরুরি। অপর ব্যক্তির অনুভূতি, আগ্রহ ও সম্মতিকেও গুরুত্ব দিতে হবে। কারণ, মনের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক বাস্তব সম্পর্কের বিকল্প হতে পারে না। তবে মনে রাখতে হবে, ‘ডেলুশনশিপ’ কোনো আনুষ্ঠানিক মনস্তাত্ত্বিক রোগনির্ণয় নয়। এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও তরুণ প্রজন্মের কথাবার্তায় ব্যবহৃত একটি অনানুষ্ঠানিক শব্দ।   আরটিভি/এসকে
জেন-জিদের প্রেমের নতুন ট্রেন্ড ‘ডেলুশনশিপ’
দুর্গন্ধময় শহর থেকে যেভাবে ‘পারফিউমের রাজধানী’ হলো গ্রাস
একসময় চামড়া প্রক্রিয়াজাতকরণের দুর্গন্ধে অতিষ্ঠ ছিল ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট্ট শহর গ্রাস। সেই দুর্গন্ধ দূর করতে সুগন্ধির ব্যবহার থেকেই শুরু হয় নতুন এক শিল্পের। কয়েক শতাব্দীর ব্যবধানে শহরটি হয়ে ওঠে বিশ্বের পারফিউমশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র।
দুর্গন্ধময় শহর থেকে যেভাবে ‘পারফিউমের রাজধানী’ হলো গ্রাস
ইতিহাসের এই দিনে যা যা ঘটেছিল
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাই কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ-সবকিছুরই সাক্ষী ইতিহাস। আর ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। সোমবার (১৬ নভেম্বর) নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৩৮০ – ফ্রান্সের রাজা ষষ্ঠ জর্জ করমুক্তির ঘোষণা দেন। ১৩৮৪ – জাডউইগা পোল্যান্ডের রাজ্যভার গ্রহণ করেন। ১৮০১ – নিউ ইয়র্ক ইভনিং পোস্ট পত্রিকার প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ১৮২৪ – নিউ ইয়র্ক নগরীর ফিফথ অ্যাভিনিউ চালু করা হয়। ১৮৬৯ – পোর্ট সৈয়দে সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে নৌযানের জন্য উন্মুক্ত করা হয়। ১৯০৫ – স্বদেশি আন্দোলনের প্রেরণায় সরকারি শিক্ষাব্যবস্থা বর্জনের প্রেক্ষাপটে আশতোষ চৌধুরীর সভাপতিত্বে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়। ১৯২৩ – অস্বাভাবিক মুদ্রাস্ফীতির পর জার্মানিতে নতুন মুদ্রাব্যবস্থা চালু হয়। ১৯৪৫ – ফরাসি সেনাদের হামলার মধ্য দিয়ে ভিয়েতনামের দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। ১৯৪৬ – বিশ্বের ইতিহাসে প্রথমবার কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হয়। ১৯৯৩ – জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে কাশ্মীরে ৩২ দিনের অচলাবস্থার অবসান ঘটে। জন্ম ১৭৯৩ – ফ্রান্সিস ড্যানবি, আইরিশ চিত্রকর। ১৮৯০ – হেমেন্দ্রনাথ ঘোষ, ভারতের প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক, ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক। ১৮৯৫ – চৌধুরী রহমত আলি, পাকিস্তান শব্দের প্রবক্তা ও জাতীয়তাবাদী চিন্তাবিদ। ১৯১৪ – কমলকুমার মজুমদার, বাঙালি সাহিত্যিক ও শিল্পী। ১৯২০ – সৌরীন্দ্র মিত্র, ভারতীয় বাঙালি রবীন্দ্রগবেষক ও প্রাবন্ধিক। ১৯২২ – জিন আমডাল, নরওয়েজীয়–মার্কিন কম্পিউটার আর্কিটেক্ট ও প্রযুক্তি উদ্যোক্তা। ১৯৩০ – মিহির সেন, আন্তর্জাতিকখ্যাতিসম্পন্ন সন্তরণবিদ; প্রথম ভারতীয় হিসেবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। ১৯৩০ – চিনুয়া আচেবে, নাইজেরিয়ান সাহিত্যিক ও আধুনিক আফ্রিকান সাহিত্যের পথিকৃত। ১৯৩৬ – রামোজি রাও, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা। ১৯৪৫ – নরেন বিশ্বাস, গবেষক ও লেখক। ১৯৬১ – জ্যোতি প্রকাশ তামাং, ভারতীয় অণুজীববিজ্ঞানী। মৃত্যু ১৭৯৭ – দ্বিতীয় ফ্রেডেরিক উইলিয়াম, প্রুশিয়ার রাজা। ১৮১২ – প্রথমজন ওয়াল্টার, দ্য টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা। ১৯৩৪ – আয়াতুল্লাহিল উজমা আব্দুল করিম হায়েরি ইয়াযদি, মুসলিম চিন্তাবিদ ও ফকীহ। ১৯৮৬ – বিধায়ক ভট্টাচার্য, নাট্যকার, সাহিত্যিক ও সাংবাদিক। ১৯৯৬ – মাসুদ করিম, বাংলাদেশি গীতিকার। ২০১২ – সুভাষ দত্ত, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা। ছুটি ও অন্যান্য আন্তর্জাতিক সহনশীলতা দিবস  আরটিভি/এমএ
ইতিহাসের এই দিনে যা যা ঘটেছিল
পৃথিবীর সবচেয়ে শান্ত রুম কোনটি, সেখানে বেশিক্ষণ থাকলে কী হয়?
​শব্দহীনতা আমাদের কাছে অনেক সময় স্বস্তির অন্য নাম। কোলাহলপূর্ণ শহর, ট্রাফিকের হর্ন আর যন্ত্রসভ্যতার ক্লান্তি থেকে দূরে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে আমরা কতোজনই না নিরিবিলি জায়গার খোঁজ করি।
পৃথিবীর সবচেয়ে শান্ত রুম কোনটি, সেখানে বেশিক্ষণ থাকলে কী হয়?
অ্যান্টার্কটিকায় গিয়ে গুণতে হবে পেঙ্গুইন, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকা
বরফে ঢাকা নির্জন এক দ্বীপ। চারদিকে হিমশীতল বাতাস, মাথার ওপর মেঘলা আকাশ আর পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে শত শত পেঙ্গুইন।
অ্যান্টার্কটিকায় গিয়ে গুণতে হবে পেঙ্গুইন, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকা