
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মাছের জিহ্বা খেয়ে ফেলে এক অদ্ভুত পরজীবী। এরপর সেই জিহ্বার জায়গা দখল করে মাছের মুখেই বসবাস শুরু করে। অবিশ্বাস্য মনে হলেও প্রকৃতিতে এমনই এক পরজীবীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাম সাইমোথোয়া এক্সিগুয়া (Cymothoa exigua)।
প্রকৃতির বিচিত্র প্রাণিজগতের অন্যতম অদ্ভুত পরজীবী সাইমোথোয়া এক্সিগুয়া। এটি ‘টাং-ইটিং লাউস’ বা জিহ্বাখেকো উকুন নামেও পরিচিত। আকারে ছোট হলেও এর জীবনধারণের কৌশল রীতিমতো বিস্ময়কর। পরজীবীটি প্রথমে মাছের জিহ্বায় আক্রমণ করে। একপর্যায়ে জিহ্বার রক্ত সরবরাহ বন্ধ করে সেটিকে নষ্ট করে ফেলে। এরপর নিজেই মাছের জিহ্বার বিকল্প হিসেবে কাজ শুরু করে।
সাইমোথোয়া এক্সিগুয়া সাধারণত ০.৩ থেকে ১.১ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এর দেহ শক্ত খোলসে আবৃত এবং রয়েছে সাত জোড়া শক্ত পা। এসব পায়ের সাহায্যে এটি মাছের দেহের ভেতরে শক্তভাবে আঁকড়ে থাকতে পারে। মূলত পূর্ব প্রশান্ত মহাসাগরের উষ্ণ উপকূলীয় অঞ্চলে, ক্যালিফোর্নিয়া থেকে ইকুয়েডর পর্যন্ত এলাকায় এদের দেখা মেলে।
যেভাবে মাছের মুখে প্রবেশ করে
জীবনের প্রাথমিক পর্যায়ে সাইমোথোয়া এক্সিগুয়া স্বাধীনভাবে সাঁতার কাটে। এ পর্যায়কে বলা হয় ‘ম্যানকা’। এ সময় উপযুক্ত পোষক মাছ খুঁজে বেড়ায় পরজীবীটি। মাছ পেয়ে গেলে সাধারণত ফুলকার আশপাশে অবস্থান করে এবং সুযোগ বুঝে ফুলকার মধ্য দিয়ে মাছের মুখে প্রবেশ করে।
স্ন্যাপার, গ্রান্ট ও ড্রামজাতীয় মাছ এদের পরিচিত পোষক। মাছের মুখে প্রবেশের পর পরজীবীটি জিহ্বার সঙ্গে নিজেকে যুক্ত করে। এরপর জিহ্বায় রক্ত সরবরাহকারী রক্তনালিতে ক্ষতি করে। ফলে ধীরে ধীরে জিহ্বার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং একপর্যায়ে জিহ্বাটি শুকিয়ে নষ্ট হয়ে যায়।
মাছের নতুন জিহ্বা হয়ে ওঠে পরজীবী!
সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাছের জিহ্বা নষ্ট হওয়ার পরও পরজীবীটি মাছের মুখ ছেড়ে যায় না। বরং জিহ্বার অবশিষ্ট অংশের সঙ্গে নিজেকে যুক্ত করে অবস্থান করতে থাকে। এভাবে এটি মাছের জিহ্বার বিকল্প হিসেবে কাজ করে। মাছও এই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।
পরজীবীটি মাছের মুখে অবস্থান করে রক্ত ও শ্লেষ্মা থেকে পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে। অন্যদিকে মাছও অনেক ক্ষেত্রে এই অবস্থায় স্বাভাবিকভাবে খাবার গ্রহণ ও জীবনযাপন চালিয়ে যেতে পারে।
মানুষের জন্য কতটা বিপজ্জনক?
সাইমোথোয়া এক্সিগুয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এটি মূলত সামুদ্রিক মাছের পরজীবী। মানুষের শরীরে বসবাস করা বা মানুষকে আক্রমণ করা এদের স্বাভাবিক জীবনচক্রের অংশ নয়। তবে মাছের মুখে এমন পরজীবী পাওয়া গেলে সেটি অবশ্যই অস্বাভাবিক ও সতর্কতার বিষয়।
জীববিজ্ঞানীদের কাছে এই পরজীবী বিশেষ আগ্রহের বিষয়। কারণ, একটি প্রাণীর অঙ্গ নষ্ট করে তার জায়গা দখল করে নেওয়ার এমন জীবনধারণের কৌশল প্রাণিজগতে অত্যন্ত বিরল। সাইমোথোয়া গণের প্রায় ১০০টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এদের প্রজনন, জীবনচক্র ও পোষক মাছের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে এখনো গবেষণার সুযোগ রয়েছে।
প্রকৃতির এই বিচিত্র পরজীবী আবারও প্রমাণ করে, টিকে থাকার জন্য প্রাণিজগতে কত অদ্ভুত কৌশলই না গড়ে উঠেছে!
সূত্র: ফোর্বস, ন্যাশনাল জিওগ্রাফি
আরটিভি/এসকে
