ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম
কাল্পনিক ছবি

নিজের কথা বলার পাশাপাশি অন্যের গল্পও মন দিয়ে শোনার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানায় ‘ডে অফ লিসেনিং’। পরিবার, বন্ধু কিংবা পরিচিত মানুষের জীবনের গল্প শুনে সম্পর্ক দৃঢ় করা এবং মূল্যবান স্মৃতি সংরক্ষণ করাই দিনটির মূল উদ্দেশ্য।

মানুষের জীবন মানেই নানা গল্প। কারও জীবনে সাফল্যের স্মৃতি, কারও অভিজ্ঞতায় ব্যর্থতার কাহিনি। আবার কারও মনে জমে রয়েছে শৈশবের মধুর মুহূর্ত, জীবনের কঠিন লড়াই কিংবা না বলা অনেক কথা। কিন্তু ব্যস্ততার ভিড়ে অন্যের কথা মন দিয়ে শোনার সময় যেন ক্রমশ কমে যাচ্ছে। অথচ একটু মনোযোগ দিয়ে কারও কথা শোনাই তৈরি করতে পারে গভীর সম্পর্ক। এই ভাবনাকে সামনে রেখেই প্রতি বছর পালিত হয় ‘ডে অফ লিসেনিং’ বা শ্রবণ দিবস।

প্রতি বছর আমেরিকায় থ্যাঙ্কসগিভিং দিবসের পরের শুক্রবার পালিত হয় এই বিশেষ দিন। সেই হিসাবে ২০২৬ সালে ২৭ নভেম্বর, শুক্রবার পালিত হচ্ছে শ্রবণ দিবস। দিনটির মূল লক্ষ্য পরিবার, বন্ধু এবং পরিচিত-অপরিচিত মানুষের জীবনের গল্প মনোযোগ দিয়ে শোনা। পাশাপাশি তাদের অভিজ্ঞতা রেকর্ড করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতেও উৎসাহিত করা হয়।

যেভাবে শুরু হয়েছিল শ্রবণ দিবস

২০০৮ সালে অলাভজনক সংস্থা ‘স্টোরিকর্পস’-এর উদ্যোগে এই বিশেষ দিনের সূচনা হয়। ২০০৩ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির অন্যতম লক্ষ্য সাধারণ মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি ও জীবনকাহিনি সংগ্রহ করে সংরক্ষণ করা।

আমেরিকার বিভিন্ন প্রান্তের মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা গল্প নথিবদ্ধ করার উদ্যোগ নেয় সংস্থাটি। স্টোরিকর্পসের উদ্যোগে ছয় লক্ষেরও বেশি মানুষ তাদের জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এই কথোপকথনের মাধ্যমে সংরক্ষিত হয়েছে বিভিন্ন প্রজন্মের মানুষের স্মৃতি, পারিবারিক ইতিহাস এবং সমাজজীবনের নানা অজানা অধ্যায়।

এই উদ্যোগের ভাবনার সঙ্গে মিল রয়েছে ১৯৩০-এর দশকে আমেরিকার ‘ফেডারেল রাইটার্স প্রজেক্ট’-এরও। সেই প্রকল্পেও সাধারণ মানুষের জীবন ও অভিজ্ঞতা নথিবদ্ধ করার চেষ্টা হয়েছিল।

কেন গুরুত্বপূর্ণ অন্যের কথা শোনা?

শোনা মানে শুধু কারও কথা কানে নেওয়া নয়, বরং তার অনুভূতি, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা। মনোযোগ দিয়ে অন্যের কথা শুনলে পারস্পরিক বিশ্বাস বাড়ে, ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্ক আরও দৃঢ় হয়। একই সঙ্গে যিনি নিজের কথা বলছেন, তিনিও অনুভব করেন যে তাঁর অভিজ্ঞতা ও অনুভূতির গুরুত্ব রয়েছে।

অন্যের কথা শোনার অভ্যাস একাকিত্ব কমাতে, মানসিক স্বস্তি দিতে এবং সহমর্মিতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি অন্যের জীবনের অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শেখার সুযোগ তৈরি হয়।

বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্যদের জীবনের গল্প অত্যন্ত মূল্যবান। তাদের শৈশব, পুরনো দিনের জীবনযাপন, পারিবারিক ইতিহাস কিংবা জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা আগামী প্রজন্মের কাছে অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে।

যেভাবে পালন করবেন শ্রবণ দিবস

এই দিন পালনের জন্য বড় কোনও আয়োজনের প্রয়োজন নেই। সামান্য সময়, আন্তরিক আগ্রহ এবং মনোযোগই যথেষ্ট। কয়েকটি সহজ উপায়ে দিনটিকে স্মরণীয় করে তুলতে পারেন।

১. গল্পের আসর বসান: পরিবারের সদস্য, বন্ধু বা পরিচিতদের নিয়ে ছোট্ট গল্পের আসর আয়োজন করুন। প্রত্যেকে নিজের জীবনের বিশেষ কোনও স্মৃতি বা অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন।

২. একে অপরের সাক্ষাৎকার নিন: পরিবারের সদস্য বা বন্ধুকে তার ছোটবেলা, প্রথম চাকরি, জীবনের আনন্দের মুহূর্ত কিংবা কঠিন অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করুন। চাইলে কথোপকথন মোবাইলে রেকর্ড করে রাখতে পারেন।

৩. প্রবীণদের গল্প শুনুন: দাদু-ঠাকুমা কিংবা পরিবারের প্রবীণ সদস্যদের কাছে পুরনো দিনের গল্প, উৎসব, পারিবারিক ইতিহাস ও জীবনের অভিজ্ঞতা জানতে চান।

৪. হাঁটতে হাঁটতে কথা বলুন: কাছের কোনও পার্কে বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়ে পড়ুন। একজন নিজের কথা বলবেন, অন্যজন মন দিয়ে শুনবেন। পরে দু'জনে নিজেদের ভূমিকা বদলে নিন।

৫. স্মৃতির দেয়াল তৈরি করুন: বাড়ির কোনও দেওয়ালে বড় কাগজ লাগিয়ে পরিবারের সদস্যদের শোনা গল্প, অনুভূতি ও স্মৃতির কথা লিখে রাখতে পারেন।

৬. প্রিয় গানের গল্প ভাগ করুন: প্রত্যেকে নিজের পছন্দের একটি গান বেছে নিয়ে জানান, গানটির সঙ্গে কী স্মৃতি জড়িয়ে রয়েছে। এতে গানের পাশাপাশি একে অপরের অনুভূতি জানার সুযোগও তৈরি হবে।

৭. গল্প রেকর্ড করে রাখুন: মোবাইলের সাহায্যে পরিবারের সদস্যদের জীবনের গল্প ও কথোপকথন রেকর্ড করে রাখতে পারেন। ভবিষ্যতে এই রেকর্ডিং হয়ে উঠতে পারে পরিবারের স্মৃতির মূল্যবান দলিল।

মন দিয়ে শোনারও রয়েছে কিছু নিয়ম

অন্যের কথা মন দিয়ে শোনার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। কথা বলার মাঝখানে বাধা দেওয়া যাবে না। নিজের মতামত চাপিয়ে না দিয়ে বক্তার বক্তব্য বোঝার চেষ্টা করতে হবে। কথা শোনার সময় মোবাইল ফোন সরিয়ে রেখে বক্তার দিকে মনোযোগ দেওয়াও প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বরং বোঝার জন্য শুনতে হবে।

শ্রবণ দিবসের মূল বার্তা খুবই সহজ প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে শোনার মতো কোনও না কোনও গল্প। কখনও একটি আন্তরিক প্রশ্ন, কখনও কয়েক মিনিটের মনোযোগ, আবার কখনও নীরবে পাশে বসে থাকাও কারও কাছে অনেক বড় প্রাপ্তি হয়ে উঠতে পারে। তাই এই দিনে শুধু নিজের গল্প বলার নয়, অন্যের গল্প মন দিয়ে শোনার অভ্যাসও গড়ে তুলুন। কারণ, প্রতিটি গল্পেরই নিজস্ব মূল্য রয়েছে, আর প্রত্যেক মানুষেরই রয়েছে শোনার মতো কিছু কথা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিম পাড়ে যে পাহাড়, প্রকৃতির এক বিস্ময়কর রহস্য!
চীনের গুইঝো প্রদেশে রয়েছে এক রহস্যময় পাহাড়, যার নাম ‘চান দা ইয়া’। স্থানীয়দের কাছে এটি ‘ডিম পাড়া পাহাড়’ নামে পরিচিত। কারণ, প্রায় ৩০ বছর পরপর পাহাড়টির খাড়া পাথুরে দেয়াল থেকে ডিমের মতো দেখতে বিশাল আকৃতির পাথর খসে নিচে পড়ে।
ডিম পাড়ে যে পাহাড়, প্রকৃতির এক বিস্ময়কর রহস্য!
সাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন যেসব রাষ্ট্রপ্রধান
বাইসাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য সরকারের উপহার হিসেবে সচিবালয়ে প্রদর্শন করা হয় বাইসাইকেলের নমুনা। সেগুলোর মান, গুণগত বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধা যাচাই করতেই বাইসাইকেলগুলো চালিয়ে দেখেন তিনি। গত ২৫ নভেম্বরের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। তবে সাইকেলের প্রতি আগ্রহ শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও রাজনীতিকদের অনেকেই সাইকেল চালাতে পছন্দ করেন। কারও কাছে এটি শরীরচর্চার মাধ্যম, কারও কাছে পরিবেশবান্ধব যাতায়াতের প্রতীক, আবার কারও কাছে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটি উপলক্ষ। আসুন, জেনে নেওয়া যাক সাইকেল চালিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা কয়েকজন রাষ্ট্রপ্রধানের কথা নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুট। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময়ও তাকে প্রায়ই সাইকেল চালাতে দেখা যেত। ২০১৭ সালে নতুন সরকার গঠনের পর রাজা উইলেম-আলেক্সান্ডারকে বিষয়টি জানাতে তিনি সাইকেল চালিয়েই রাজপ্রাসাদে যান। সেখানে পৌঁছে সাইকেলটি তালাবদ্ধ করে ভেতরে প্রবেশ করেন। ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ আলোচিত হয়েছিল। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের রাস্তায় তাকে নিয়মিত সাইকেল চালাতে দেখা গেছে। এমনকি ২০২১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে উপহার হিসেবে একটি বিশেষভাবে তৈরি সাইকেল দিয়েছিলেন। দুই দেশের নেতাদের উপহার বিনিময়ের অংশ ছিল এই সাইকেল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও অবসরে সাইকেল চালাতে দেখা গেছে। বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে সাইকেল চালানোর ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। শরীরচর্চার প্রতি তার আগ্রহের অংশ হিসেবেই সাইকেল চালানোর বিষয়টি আলোচনায় এসেছে। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটেরও নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস ছিল। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের নামও এই তালিকায় রাখা যেতে পারে। রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮২ সালের ৩০ এপ্রিল তিনি সাইকেল চালিয়ে অফিসে গিয়েছিলেন। পরদিন অর্থাৎ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে তার সাইকেল চালানোর ছবি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। ঘটনাটি তখন বেশ আলোচনার জন্ম দিয়েছিল। আলোচনায় আসা কয়েকজন রাজপরিবার সদস্য নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার ও রানী ম্যাক্সিমাকেও বিভিন্ন সময়ে সাইকেল চালাতে দেখা গেছে। দেশটির সংস্কৃতির সঙ্গে সাইকেলের সম্পর্ক এতটাই গভীর যে রাজপরিবারের সদস্যদেরও সাধারণ মানুষের মতো সাইকেল চালাতে দেখা যায়। বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানী মাথিল্ডকেও ব্রাসেলসের গ্র্যান্ড প্লেসে সাইকেল চালাতে দেখা গেছে। এছাড়া, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও সাইকেল চালিয়েছেন। ২০১৩ সালে পোল্যান্ডের ওয়ারশতে একটি বাঁশের তৈরি সাইকেল চালিয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। পরিবেশবান্ধব পরিবহন ও টেকসই উন্নয়নের বার্তার সঙ্গেও এমন উদ্যোগের সম্পর্ক রয়েছে। আরটিভি/টিআর
সাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন যেসব রাষ্ট্রপ্রধান
গোবরের মতো কেক থেকে কুৎসিত ভেড়া, বিশ্বের ৫ বিচিত্র কেক
কেক খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
গোবরের মতো কেক থেকে কুৎসিত ভেড়া, বিশ্বের ৫ বিচিত্র কেক
দুই বছর চেষ্টা করেও কমেনি ওজন, চিতাবাঘের ডায়েট বন্ধ করল চিড়িয়াখানা
চেষ্টা করা হয়েছে দুই বছর ধরে। পরিবর্তন আনা হয়েছে খাবারের তালিকায়, বাড়ানো হয়েছে চলাফেরার সুযোগও। তবু কমেনি ওজন। শেষ পর্যন্ত ১৯ বছর বয়সী চিতাবাঘ পান বাওবাওয়ের ওজন কমানোর চেষ্টা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চীনের একটি চিড়িয়াখানা।
দুই বছর চেষ্টা করেও কমেনি ওজন, চিতাবাঘের ডায়েট বন্ধ করল চিড়িয়াখানা
বাবার মৃত্যুর পর জমির ভাগ ছেলে-মেয়ে-স্ত্রী কে কতটুকু পাবেন
বাবার মৃত্যুর পর রেখে যাওয়া জমি বা সম্পত্তি কীভাবে বণ্টন হবে, তা নিয়ে অনেক পরিবারেই দেখা দেয় নানা জটিলতা। বিশেষ করে ছেলে-মেয়ে ও স্ত্রীর মধ্যে সম্পত্তির ভাগ কত হবে, মৃত ব্যক্তির মা-বাবা জীবিত থাকলে তারা কতটুকু পাবেন কিংবা বাবার আগে কোনো সন্তান মারা গেলে তার সন্তানেরা সম্পত্তির উত্তরাধিকারী হবে কি না, এসব বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।
বাবার মৃত্যুর পর জমির ভাগ ছেলে-মেয়ে-স্ত্রী কে কতটুকু পাবেন