ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

গোবরের মতো কেক থেকে কুৎসিত ভেড়া, বিশ্বের ৫ বিচিত্র কেক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
বিচিত্র কেক। ছবি: সংগৃহীত

কেক খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। জন্মদিন, বিয়ে কিংবা যেকোনো আনন্দ আয়োজনে কেক যেন অবিচ্ছেদ্য অংশ। স্বাদ আর সৌন্দর্যের পাশাপাশি কেক নিয়ে মানুষের সৃজনশীলতারও শেষ নেই। কেউ তৈরি করেন বিশাল আকৃতির কেক, কেউ আবার ইচ্ছা করেই বানান অদ্ভুত দেখতে কেক।

কখনও সাজসজ্জার ভুল, কখনও অস্বাভাবিক নকশা, আবার কখনও বিশাল আকারের কারণে একটি কেক হয়ে উঠতে পারে আলোচনার কেন্দ্রবিন্দু। দেখতে অদ্ভুত হলেও এসব কেকের পেছনে রয়েছে মজার গল্প।

আজ ২৬ নভেম্বর, কেক দিবস। এ উপলক্ষে জেনে নেওয়া যাক বিশ্বের পাঁচটি বিচিত্র কেকের গল্প।

দেখতে গোবরের মতো, নাম ‘পুপ কেক’

স্বামীর ৪০তম জন্মদিনে বিশেষ একটি আইসক্রিম কেক তৈরি করতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকার নারী কেটি। কেকের ওপর চকলেট ও বিস্কুটের ক্রিম দিয়ে সুন্দর নকশা করার পরিকল্পনা ছিল তার।

কিন্তু সাজানোর পর দেখা গেল, কেকটি দেখতে অনেকটা গোবরের স্তূপের মতো! বিষয়টি দেখে নিজেই হাসিতে ফেটে পড়েন কেটি। তার সন্তানরাও কেকটির নাম দেয় ‘পুপ কেক’।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেকটির ছবি প্রকাশের পর শুরু হয় হাসি-ঠাট্টা। তবে মজার বিষয় হলো, দেখতে যেমনই হোক, কেকটি খেতে বেশ সুস্বাদু ছিল। শেষ পর্যন্ত স্বামীও কেকটি পছন্দ করেন।

জন্মদিনে ৬ হাজার পাউন্ডের গাজরের কেক

জন্মদিনে সাধারণত কয়েক পাউন্ডের কেকই যথেষ্ট। কিন্তু কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টেড মার্টিনডেল নিজের ৮০তম জন্মদিনে তৈরি করিয়েছিলেন প্রায় ৬ হাজার ৪৪ পাউন্ড ওজনের বিশাল এক গাজরের কেক।

কেকটি ছিল ১৭ ফুট বাই ১৭ ফুট আকারের। এটি তৈরিতে ব্যবহার করা হয় ১ হাজার ৭৬০ পাউন্ডের বেশি গাজর, ৭০০ পাউন্ড মাখন, হাজার হাজার ডিম এবং প্রায় ২ হাজার পাউন্ড মিষ্টি প্রলেপ।

৪৩০টি আলাদা কেক তৈরি করে সেগুলো একসঙ্গে জুড়ে বানানো হয় বিশাল এই আয়োজন। স্থানীয় একটি প্রবীণদের কেন্দ্রে জন্মদিনের অনুষ্ঠানে অতিথিদের পরিবেশন করা হয় কেকটি।

কুৎসিত ভেড়ার কেকই হয়ে উঠল জনপ্রিয়

কেক মানেই সুন্দর সাজসজ্জা, আকর্ষণীয় নকশা আর নিখুঁত পরিবেশনা। তবে যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি কেকের দোকান ঠিক এর উল্টো পথে হেঁটে আলোচনায় আসে।

এপ্রিল ফুল উপলক্ষে তারা তৈরি করে অদ্ভুত দেখতে একটি ভেড়ার কেক। কেকটির চোখ ছিল গোলগাল ও উল্টো-পাল্টা, দাঁতগুলোও বেখাপ্পা। গায়ে ধূসর রঙের ক্রিম এমনভাবে লাগানো হয়েছিল, যেন গলে পড়ছে। দেখতে অনেকটা ভৌতিক চরিত্রের মতো।

মজা করার উদ্দেশ্যে তৈরি কেকটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দোকানটি। কিন্তু গ্রাহকেরা কেকটি দারুণ পছন্দ করেন। পরে সেটি বিক্রির সিদ্ধান্ত নেয় দোকানটি। চাহিদা এত বেশি ছিল যে দ্রুতই সব কেক বিক্রি হয়ে যায়।

দোকানটির ভাষ্য অনুযায়ী, মজার একটি উদ্যোগ শেষ পর্যন্ত আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে ওঠে।

কেকের ওপর লেখা হলো পুরো নির্দেশনাই!

স্বামীর জন্মদিনে একটু ভিন্নধর্মী কেক উপহার দিতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চেলসি কার্ন। তিনি একটি কেকের দোকানে তিমির আদলের জনপ্রিয় ‘ফাডজি দ্য হোয়েল’ কেকের অর্ডার দেন।

কেকের ওপর বড় অক্ষরে গোলাপি রঙে ‘দৌড়াও’ লেখার অনুরোধ ছিল তার। লেখাটি যেন বড় হাতের অক্ষরে এবং কিছুটা ভীতিকর দেখায়, এমন নির্দেশনাও দিয়েছিলেন।

কিন্তু কেক প্রস্তুত হওয়ার পর দেখা গেল, দোকানের কর্মী শুধু ‘দৌড়াও’ লেখেননি, বরং তার দেওয়া পুরো নির্দেশনাটিই কেকের ওপর লিখে দিয়েছেন! ফলে কেকের ওপর লেখা হয়ে যায়, ‘দৌড়াও (বড় অক্ষরে, সম্ভব হলে ভীতিকরভাবে)’।

ভুলসহ পুরো লেখাটি দেখে হাসিতে ফেটে পড়েন চেলসি ও তার স্বামী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশের পর তা প্রায় এক কোটি মানুষের নজর কাড়ে।

৩৩ কেজির কেক, কাটলে হবে ৩৫০ টুকরা

কেকের আকার নিয়ে প্রতিযোগিতা যেন শেষ হওয়ার নয়। ফিনল্যান্ডের তুর্কু শহরের একটি খাবারের দোকানে তৈরি করা হয়েছিল ৩৩ দশমিক ৫ কেজি ওজনের বিশাল এক রুনেবার্গ কেক। এর উচ্চতা ছিল প্রায় ৫৭ সেন্টিমিটার।

কেকটি তৈরি করতে দুই বেকারের সময় লাগে টানা তিন দিন। এটি প্রায় ৩৫০ টুকরা করা সম্ভব।

রুনেবার্গ কেক ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী একটি মিষ্টান্ন। দেশটির জাতীয় কবি ইয়োহান লুডভিগ রুনেবার্গের স্মরণে পালিত দিবসের সঙ্গে কেকটি বিশেষভাবে জড়িত। প্রতি বছর ৫ ফেব্রুয়ারি ফিনল্যান্ডে রুনেবার্গ দিবস পালিত হয়। সেই উপলক্ষ সামনে রেখে তৈরি করা বিশাল কেকটি স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে।

কেকের জগতে তাই শুধু স্বাদই শেষ কথা নয়। কখনো অদ্ভুত নকশা, কখনো ভুল লেখা, আবার কখনো বিশাল আকৃতির কারণে একটি কেক হয়ে উঠতে পারে আলোচনার কেন্দ্রবিন্দু। এসব বিচিত্র আয়োজনই প্রমাণ করে, কেক নিয়ে মানুষের সৃজনশীলতার কোনো নির্দিষ্ট সীমা নেই।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই বছর চেষ্টা করেও কমেনি ওজন, চিতাবাঘের ডায়েট বন্ধ করল চিড়িয়াখানা
চেষ্টা করা হয়েছে দুই বছর ধরে। পরিবর্তন আনা হয়েছে খাবারের তালিকায়, বাড়ানো হয়েছে চলাফেরার সুযোগও। তবু কমেনি ওজন। শেষ পর্যন্ত ১৯ বছর বয়সী চিতাবাঘ পান বাওবাওয়ের ওজন কমানোর চেষ্টা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চীনের একটি চিড়িয়াখানা।
দুই বছর চেষ্টা করেও কমেনি ওজন, চিতাবাঘের ডায়েট বন্ধ করল চিড়িয়াখানা
বাবার মৃত্যুর পর জমির ভাগ ছেলে-মেয়ে-স্ত্রী কে কতটুকু পাবেন
বাবার মৃত্যুর পর রেখে যাওয়া জমি বা সম্পত্তি কীভাবে বণ্টন হবে, তা নিয়ে অনেক পরিবারেই দেখা দেয় নানা জটিলতা। বিশেষ করে ছেলে-মেয়ে ও স্ত্রীর মধ্যে সম্পত্তির ভাগ কত হবে, মৃত ব্যক্তির মা-বাবা জীবিত থাকলে তারা কতটুকু পাবেন কিংবা বাবার আগে কোনো সন্তান মারা গেলে তার সন্তানেরা সম্পত্তির উত্তরাধিকারী হবে কি না, এসব বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।
বাবার মৃত্যুর পর জমির ভাগ ছেলে-মেয়ে-স্ত্রী কে কতটুকু পাবেন
ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে, লাগবে যেসব কাগজপত্র
পরিবারের কোনো সদস্য মারা গেলে তার রেখে যাওয়া জমি, বাড়ি কিংবা অন্যান্য সম্পত্তির বৈধ উত্তরাধিকারী কারা, তা প্রমাণে প্রয়োজন হয় ওয়ারিশ সনদ। উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি নামজারি, সম্পত্তি বণ্টন, পেনশন ও বিভিন্ন আর্থিক সুবিধা পেতেও গুরুত্বপূর্ণ এই সনদ।
ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে, লাগবে যেসব কাগজপত্র
যে কারণে এই মাছের নাম ‘ভূত’
পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে কালো রঙের একটি মাছ। শরীর প্রায় স্থির, লেজও নড়ছে না। অথচ কখনো সামনে, কখনো পেছনে যাচ্ছে। মুহূর্তেই বদলে ফেলছে চলার দিক।
যে কারণে এই মাছের নাম ‘ভূত’
জীবনকে সুন্দর করতে গড়ে তুলুন ১০ অভ্যাস
জীবনকে সুন্দর ও উপভোগ্য করতে সব সময় অর্থ, সম্পদ কিংবা বিলাসিতার প্রয়োজন হয় না। বরং প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সচেতন জীবনযাপনই পারে জীবনকে আরও আনন্দময় ও শান্তিপূর্ণ করে তুলতে। তবে ব্যস্ততা, প্রতিযোগিতা, পারিবারিক ও কর্মজীবনের নানা চাপের কারণে অনেকেই নিজের ভালো থাকার বিষয়টি ভুলে যান। অন্যের সঙ্গে তুলনা, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কিংবা সময়ের অপচয়ও জীবনের স্বাভাবিক আনন্দ কেড়ে নেয়। বিশেষজ্ঞদের মতে, নিজের প্রতি যত্নশীল হওয়া, সম্পর্কের গুরুত্ব বোঝা এবং নেতিবাচক অভ্যাস পরিহার করার মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। জীবনকে সুন্দর ও অর্থবহ করতে যে ১০টি অভ্যাস গড়ে তোলা জরুরি, সেগুলো হলো— পরচর্চা ও অন্যের সমালোচনা এড়িয়ে চলুন অন্যের ব্যক্তিগত জীবন, ভুলত্রুটি কিংবা কর্মকাণ্ড নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা সম্পর্কের অবনতি ঘটায় এবং মানসিক অশান্তি তৈরি করে। তাই অন্যের জীবন নিয়ে ব্যস্ত না থেকে নিজের কাজ, আচরণ ও উন্নতির দিকে মনোযোগ দেওয়া উচিত। পরচর্চা, গীবত ও অপবাদ থেকে দূরে থাকলে ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসে। মিথ্যা ও গুজব থেকে দূরে থাকুন সত্য বলার অভ্যাস গড়ে তুলুন। কোনো তথ্য যাচাই না করে অন্যের কাছে পৌঁছে দেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকুন। বিশেষ করে ছবি, ভিডিও ও সংবাদ প্রচারের আগে নির্ভরযোগ্য উৎস যাচাই করা জরুরি। কারণ একটি মিথ্যা তথ্যও অনেক মানুষের ক্ষতির কারণ হতে পারে। নিজের যত্ন নিন সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলুন। পাশাপাশি নিজের পছন্দের কাজের জন্য সময় রাখুন। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন এবং স্বাস্থ্য পরীক্ষাও করান। পরিবারকে পর্যাপ্ত সময় দিন কর্মব্যস্ততার মাঝেও পরিবারের সদস্যদের জন্য সময় বের করুন। মা-বাবা, জীবনসঙ্গী, সন্তান ও অন্য স্বজনদের সঙ্গে কথা বলুন, তাঁদের খোঁজখবর নিন এবং প্রয়োজনে পাশে দাঁড়ান। একসঙ্গে খাওয়া, গল্প করা কিংবা কোথাও ঘুরতে যাওয়ার মতো ছোট আয়োজন পারিবারিক বন্ধন দৃঢ় করে। মনে রাখতে হবে, কর্মজীবনের সাফল্যের পাশাপাশি পারিবারিক ভালোবাসাও জীবনের বড় সম্পদ। ধর্মচর্চা ও নৈতিকতার চর্চা করুন নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সততা, ন্যায়বিচার, মানবিকতা ও ক্ষমাশীলতার চর্চা করুন। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধ অনেককে আত্মশুদ্ধি ও নৈতিক জীবনযাপনে উৎসাহিত করে। অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানুষের অধিকারকে সম্মান করাও সুন্দর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বই পড়ুন ও ভ্রমণের অভ্যাস গড়ুন নিয়মিত বই পড়লে জ্ঞান বাড়ে, চিন্তার পরিধি বিস্তৃত হয় এবং নতুন বিষয় জানার সুযোগ তৈরি হয়। পাশাপাশি সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়ুন। নতুন জায়গা, প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির সঙ্গে পরিচিতি জীবনকে বৈচিত্র্যময় করে তোলে। তবে ভ্রমণের আগে পরিকল্পনা ও বাজেট নির্ধারণ করলে অল্প খরচেও আনন্দময় সময় কাটানো সম্ভব। ক্ষতিকর আসক্তি পরিহার করুন মাদক, ধূমপানসহ সব ধরনের ক্ষতিকর নেশা থেকে দূরে থাকুন। পাশাপাশি মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমে অতিরিক্ত সময় ব্যয় করার অভ্যাস নিয়ন্ত্রণ করুন। প্রযুক্তির ব্যবহার যেন বাস্তব জীবনের সম্পর্ক, কাজ ও দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায়। অবসর সময়ে পরিবার, বন্ধু ও নিজের পছন্দের সৃজনশীল কাজে সময় দিন। কঠিন সময়ে ধৈর্য ধরুন জীবনে সব সময় অনুকূল পরিস্থিতি থাকবে না। আর্থিক সংকট, কর্মক্ষেত্রে ব্যর্থতা কিংবা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার মুখোমুখি হতে পারেন। এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধরুন। সমস্যার কারণ চিহ্নিত করে সমাধানের চেষ্টা করুন এবং প্রয়োজনে বিশ্বস্ত মানুষের সহযোগিতা নিন। মনে রাখবেন, সাময়িক ব্যর্থতা কিংবা খারাপ সময় পুরো জীবনের পরিচয় নয়। পরিমিত খাবার খান, মিতব্যয়ী হোন সুস্থ থাকতে সুষম ও পরিমিত খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলুন। একইভাবে আয় বুঝে ব্যয় করুন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা ও লোকদেখানো খরচ এড়িয়ে চলুন। সামর্থ্য অনুযায়ী সঞ্চয় করুন। মিতব্যয়ী হওয়া মানে কৃপণতা নয়; বরং প্রয়োজন ও সামর্থ্যের মধ্যে থেকে পরিকল্পিত জীবনযাপন করা। কথা বলুন বুঝেশুনে সব বিষয়ে মন্তব্য করা কিংবা প্রতিটি বিতর্কে অংশ নেওয়ার প্রয়োজন নেই। কথা বলার আগে ভাবুন, আপনার বক্তব্য অন্যের মনে কেমন প্রভাব ফেলতে পারে। অনুমাননির্ভর মন্তব্য ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকুন। অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং যুক্তিসংগত ও কল্যাণকর বিষয়গুলো গ্রহণ করুন। কখনো কখনো নীরব থাকাও বুদ্ধিমানের কাজ। ছোট অভ্যাসেই বদলে যেতে পারে জীবন জীবনকে সুন্দর ও উপভোগ্য করতে বড় কোনো পরিবর্তনের অপেক্ষায় থাকার প্রয়োজন নেই। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই একসময় বড় পরিবর্তন নিয়ে আসে। অন্যের সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। অল্পতে সন্তুষ্ট থাকতে শিখুন, মানুষকে সম্মান করুন, পরিবারকে ভালোবাসুন এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। দিন শেষে জীবনের সার্থকতা শুধু অর্থ উপার্জন, সম্পদ অর্জন কিংবা বড় পদে পৌঁছানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কতটা ভালো মানুষ হওয়া গেল, নিজের ও পরিবারের জন্য কতটা সময় দেওয়া গেল এবং অন্যের জীবনে কতটা ইতিবাচক ভূমিকা রাখা গেল, সেটিও গুরুত্বপূর্ণ। তাই আজ থেকেই ভালো অভ্যাসগুলো চর্চা শুরু করুন। আপনার সচেতন সিদ্ধান্তই হয়ে উঠতে পারে সুন্দর, শান্তিপূর্ণ ও অর্থবহ জীবনের ভিত্তি। আরটিভি/এসকে
জীবনকে সুন্দর করতে গড়ে তুলুন ১০ অভ্যাস
আরও পড়ুন
আজ কেক দিবস